২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ১৫ হাজার বার ফোন করায় গ্রেপ্তার

জাপানে ছয় মাসে ১৫ হাজারেরও বেশি বার পুলিশকে জরুরি ফোন করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

জাপানের পুলিশ জানায়, বৃহস্পতিবার ৪৪ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মে মাস থেকে তিনি ফোনে পুলিশকে বিরক্ত করা শুরু করেন বলে এনডিটিভি জানিয়েছে।

কর্মকর্তারা নিয়মিত তার বাড়িতে গেছেন এবং তাকে থামতে ও বিরত থাকে বলেছেন। কিন্তু এরপরও ওই নারী পুলিশকে ফোন করা থেকে বিরত থাকতে ব্যর্থ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়।

পশ্চিমাঞ্চলের শহর ওসাকার নিকটবর্তী সাকাই শহরের এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, “তিনি এক দিনে ৯২৭টির বেশি জরুরি ফোন করতেন, যা পুলিশের দায়িত্বপালনে বাধার সৃষ্টি করতো।“

মহিলার আচরন দেখে তিনি মানসিক অসুস্থতার জন্য এমনটা করতেন এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, “তার ফোনের কোনো সত্যিকারের অর্থ নেই।“

“আমাদের সাড়া দেয়ার জন্য প্রয়োজনীয় কোনো গল্পও তিনি বানিয়ে বানিয়ে বলতেন না। এটা আসলে পুরোপুরি অর্থহীন ছিলো। আমরা তাকে গ্রেপ্তার করার আগে ৬০ বারের মতো তার বাড়িতে গেছি এবং পুনরায় ফোন না করার জন্য তাকে বোঝাবার চেষ্টা করেছি।“

প্রতারণার মাধ্যমে পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ ইয়েন (৪৯০০ মার্কিন ডলার) জরিমানা।