২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার প্রয়াণে শোকাহত বিশ্ব

বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকার ‘মাদিবা’ দেশের সীমানা ছাড়িয়ে সংগ্রাম ও ত্যাগের প্রেরণা যুগিয়েছেন বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের মাঝে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 11:26 AM

Updated : 25 Apr 2022, 07:37 PM

দীর্ঘদিন ধরেই ম্যান্ডেলা নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। জীবনের শেষদিনগুলোতে সংকটাপণ্ন অবস্থায় ছিলেন তিনি। বিশ্বজুড়ে ভক্ত-শুভার্থী সবাই দুঃখভারাক্রান্ত মনে তার প্রস্থানের ক্ষণটির আশঙ্কায় যেনবা দিন গুণছিলেন। অবশেষে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন।

বিবিসির বরাতে জানা গেছে, তার (ম্যান্ডেলা) জীবনাবসানের সংবাদটি জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে শোকাহত জুমা বিশ্ববাসীকে জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। ম্যান্ডেলা জোহানেসবার্গে তার বাড়িতেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন।

“প্রিয় দেশবাসী, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় নেলসন রোহলিহলা ম্যান্ডেলা চলে গেছেন, নিজের বাড়িতেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে।”

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট যিনি সাদা ও কালো মানুষের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা রক্তক্ষয়ী বিরোধ নিরসনে তার সমগ্রজীবন উৎসর্গ করেছেন। কিন্তু এই লড়াইয়ে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক। দীর্ঘ ২৭ বছর তাকে কাটাতে হয়েছে বন্দিশালায়।

অবশেষে নিজের আন্দোলনের সফলতা তথা বিভেদহীন একটি রাষ্ট্র গঠনের মতো সৌভাগ্য হয়েছে ম্যান্ডেলার। শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেলসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাবিশ্বের রাষ্ট্রপ্রধান ও শান্তিকামী মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিজ গোত্রে মাদিবা নামে পরিচিত ম্যান্ডেলার মৃত্যুতে শোকবার্তা আসতে থাকে আফ্রিকায়।

তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করে নিজের অনুভূতি জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

শোকবর্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “এই পৃথিবীতে আমরা যাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সবেচেয়ে সাহসীদের একজন, সত্যিকারের একজন ভাল মানুষকে আমরা হারালাম।”

“মানুষের স্বাধীনতার জন্য নিজের স্বাধীনতাকে বিসর্জনে তার দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকাকে এমনকি গোটা বিশ্বকে বদলে দিয়েছিলেন। কারাগার থেকে প্রেসিডেন্সিতে তার সাহসিকতা আমাদেরকে এই বার্তা দেয় যে, মানবসমাজ এবং রাষ্ট্র ধীরে ধীরে উন্নত অবস্থার দিকে যেতে পারে,” বলেন ওবামা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, “ম্যান্ডেলা ছিলেন আমাদের সময়ের মহানায়ক। পৃথিবীর এক আলোকবর্তিকা আজ নিভে গেল।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেন, পৃথিবাসীর প্রতি ম্যান্ডেলার বার্তা যুগ যুগ ধরে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে। মানুষকে তার সার্বজনীন অধিকার আদায়ের পথে উৎসাহ যোগাবে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ম্যান্ডেলার অহিংস রাজনীতির আদর্শ এবং বর্ণবাদবিরোধী সংগ্রাম অনন্তকাল ধরে পৃথিবীবাসীকে অনুপ্রেরণা দিয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক ম্যান্ডেলাকে ১৯৯০ সালে কারামুক্তি দিয়েছিলেন। অহিংস অফ্রিকা গড়ার কাজ করার জন্য ১৯৯৩ সালে সম্মিলিতভাবে দুজনে পান নোবেল পুরস্কার। বৃহস্পতিবার ম্যান্ডেলার মৃত্যুর খবরে তার এই সহযোদ্ধাও শোকাতুর হয়েছিলেন।

“বিদায়, তোমাকে অনেক মিস করবো…। তবে জেনে রেখো তোমার আদর্শ ও রেখে যাওয়া পথ সব সময় আমাদেরকে একটি কল্যাণকর ও ন্যায়নিষ্ঠ অফ্রিকা গড়তে সহায়তা করবে।

সাবেক আইরিশ প্রেসিডেন্ট ম্যারি রবিনসন বলেন, মৃত্যু তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা সবাই একজন কাছের বন্ধুকে হারালাম।

১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম নেয়া নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা তার নিজের দেশের মানুষের কাছে অনেক বেশি পরিচিত ‘মাদিবা’ নামে, এটি তার গোত্র নাম। নিজের গোত্রে গ্রামীণ জীবন থেকেই তার উত্থান। সেখান থেকেই তিনি আন্দোলন শুরু করেছিলেন সংখ্যালঘু শক্তিমান শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে।

সেই তুলনারহিত সংগ্রাম তাকে দাঁড় করিয়েছে বিংশ শতাব্দীর সবচেয়ে শ্রদ্ধাস্পদ ও ভালবাসার অন্যতম এক নেতা হিসেবে।

দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। ৩০ বছরের সংগ্রামের পরে দেশটিতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা সংখ্যালঘু শ্বেতাঙ্গরা ধীরে ধীরে নমনীয় হতে শুরু করলে দেশ পুনর্গঠন ও ক্ষমা ঘোষণা করার ক্ষেত্রেও বিলম্ব করেননি মহান এই নেতা।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে প্রথম নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৯৯ সালে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।