২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের পাচারকারীদের কাছে বিক্রি করছে থাইল্যান্ড

অক্টোবরের এক বিকেল, থাইল্যান্ড ও মিয়ানমারের জলসীমার নিরপেক্ষ এলাকায় অদৃশ্য হয়ে যায় মুহম্মদ ইসমাইল। থাইল্যান্ডের ইমিগ্রেশন কর্মকর্তারা তখন জানায়, ইসমাইলকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Dec 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, থাইল্যান্ড আরো কয়েকশ’ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয় ২৩ বছর বয়সী ইসমাইলকেও।

এরপর পাচারকারীরা ইসমাইলদের ইঞ্জিন বোটে করে নিয়ে গিয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মালয়েশিয়া সীমান্তের কাছে বিভিন্ন গোপন শিবিরে আটকে রাখে আত্মীয়-স্বজনরা হাজার হাজার ডলার মুক্তিপণ না দেয়া পর্যন্ত।

যাদের কোনো অাত্মীয়-স্বজন পাওয়া যায় না তাদেরকে বিক্রি করে দেয়া হয় শিপিং কোম্পানিগুলোর কাছে।

কেউ কেউ বছরের পর বছর পাচারকারীদের বন্দি শিবিরে আটকা পড়ে থাকে। এসব বন্দিদের চুল কাটা কিংবা শেভ করার কোনো সুযোগ নেই।

বন্দিশিবিরে প্রতিদিনই ডায়রিয়া, পানিশূন্যতা বা নির্যাতনের শিকার হয়ে দু’একজন মারাও যায়। এমনই অসহনীয়, অমানবিক জীবন তাদের।

সম্প্রতি ধর্মীয় দমননীতির কারণে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর জীবন নিয়ে রয়টার্স পরিচালিত এক অনুসন্ধানে উঠে এসেছে এ চিত্র।

অনুসন্ধানে জানা গেছে, হতভাগ্য এসব মানুষকে নিয়ে এক গোপন ব্যবসায় মেতে উঠেছে থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশ ও কর্মকর্তারা।

তাদের হাতে আটক রোহিঙ্গাদের কিছুদিন বন্দি রেখে তারপর মিয়ানমারে ফেরত পাঠানোর নাম করে গভীর সাগের অপেক্ষায় থাকা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের হাতে তুলে দিচ্ছে এসব সরকারি কর্মকর্তা।

এভাবে গোপনে মানুষের জীবন নিয়ে এক লাভজনক ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।

রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এরকম দুটি শিবিরসহ রয়টার্সের এক সাংবাদিকদের সরেজমিন অনুসন্ধানে আরেকটি শিবিরের সন্ধান পাওয়া গেছে।

দক্ষিণ থাইল্যান্ডের ব্যান ক্লোঙ টোর গ্রামের কাছের বনে একটি শিবিরে দেখা গেছে নিশ্ছিদ্র প্রহরা। শিবির থেকে পালাতে গিয়ে কিংবা কোনো কারণে গোপন শিবিরের সশস্ত্র পাহারাদারদের হাতে প্রতিদিনই কেউ না কেউ নিহত হচ্ছে।

এ ব্যাপারে থাই পুলিশ প্রথমবারের মতো স্বীকার করেছে, থাইল্যান্ডে রোহিঙ্গা বন্দিদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য “পদ্ধতি দুই” নামের একটি গোপন কৌশলের অংশ হিসেবে আন্তর্জাতিক মানব পাচারকারীদের ওপর নির্ভর করেন তারা।