নিকারাগুয়ায় ডাকাতির ঘটনায় গোলাগুলি, নিহত ১০
নিকারাগুয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডাকাতির ঘটনায় গোলাগুলিতে চার পুলিশসহ ১০ জন নিহত হয়েছেন।
হন্ডুরাস সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনা ঘটে বলে বুধবার পুলিশ জানিয়েছে।
নিরাকাগুয়ায় চলতি বছরের সবচেয়ে রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনা এটি।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বোকাস দে আয়াপালের একটি মুদির দোকানে একদল ডাকাত ডাকাতি করার সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি ইউনিট তাদের ধাওয়া করে।
এই ধাওয়ার ঘটনাতেই গোলাগুলি শুরু হয়।
কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মৃতদের পরিচয় প্রকাশ করেনি।
সম্প্রতি হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি খুনের হার এই দেশটিতে। সে তুলনায় নিকারাগুয়ায় প্রাণঘাতী সহিংসতার মাত্রা খুবই কম।
