‘ওবামার আস্থা ব্ল্যাকবেরিতেই’
নিরাপত্তার খাতিরে আইফোন ব্যবহারের অনুমতি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার হোয়াইট হাউজে তরুণদের মাঝে তার স্বাস্থ্য সেবা আইনের প্রচার চালানোর অনুষ্ঠানে নিজের অত্যন্ত সুরক্ষিত ভারী ব্ল্যাকবেরি ফোন ব্যবহারের কারণ ব্যাখ্যা কারতে গিয়ে ওবামা বলেন, “নিরাপত্তার কারণে আইফোন রাখার অনুমতি আমার নেই।“
তবে তার দুই কন্যা সাশা ও মালিয়া নিজেদের আইফোনের পেছনে অনেক সময় ব্যয় করে বলে জানান তিনি।
ব্ল্যাকবেরি ফোন তার সুরক্ষিত নিরাপত্তা প্রযুক্তির কারণে সুপরিচিত। এ কারণে ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে এখনো এই ফোন জনপ্রিয়।
যদিও বর্তমানে অন্যান্য বিশেষ করে অ্যাপেলের স্মার্ট ফোনের কারণে ব্ল্যাকবেরি তার বাজার হারিয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মোবাইল ফোনে আড়ি পেতেছিলো এমন খবর প্রকাশ পাওয়ার পর ওবামার ব্ল্যাকবেরি ফোনটিতে আরো কঠোর নিরাপত্তার জন্য এ বছর নতুন করে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেসিডেন্ট হওয়ার কয়েক দিনের মধ্যে ব্ল্যাকবেরি ফোনের মাধ্যমে ওবামা সিক্রেট সার্ভিসের সঙ্গে তার যুদ্ধে জিতেছিলেন। যদিও তার ফোনটি হ্যাক হওয়ার ভয় ছিলো।
নিজের লিমুজিনে করে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তাকে তার ফোনে আসা খুদেবার্তাগুলো পড়তে দেখা গেছে।
প্রেসিডেন্টের জন্য তার ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা বা বাইরের পৃথিবী থেকে কোনো ব্যক্তিগত তথ্য পাওয়া কঠিন। কারণ তার কাছে আসা তথ্যগুলো তার সহকারীরা বা প্রেস আগে দেখে এবং যেগুলো ওবামাকে দেয়ার মতো সেগুলো তাকে দেয়া হয়।
ওবামার সহকারীরা বলেন, এই আবদ্ধ অবস্থা থেকে তার মুক্তির পথ হলো তার ব্ল্যাকবেরি।
