তেজস্ক্রিয় সামগ্রী চুরি, জীবনঝুঁকিতে চোরেরা!
মেক্সিকোতে বিপজ্জনক তেজস্ক্রিয় চিকিৎসা সামগ্রীতে ভর্তি একটি ট্রাক চুরি যাওয়ার পর ট্রাকসহ চোরাই পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু তেজস্ক্রিয় পদার্থগুলো নাড়াচাড়ার কারণে ওই চোরেরা প্রাণঘাতী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার মেক্সিকোর সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
ওই সামগ্রীগুলোর মধ্যে তেজস্ক্রিয় পদার্থ কোবাল্ট-৬০ ছিল। কয়েকটি নিরাপদ খাঁচার মধ্যে এই প্রাণঘাতী পদার্থটি রাখা ছিল।
কিন্তু না বুঝেই চোরেরা ওই খাঁচাগুলো খুলে পদার্থ ধারকটি বের করে নাড়াচাড়া করে। পরে এটি কী কাজে লাগতে পারে বা গুরুত্ব বুঝতে না পেরে ট্রাকসহ মালামালগুলো ফেলে রেখে যায়। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির যে এলাকা থেকে ট্রাকটি চুরি হয়েছিল সেখান থেকে ২ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে পরে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
তবে এরই মধ্যে চোরদের যা সর্বনাশ হওয়ার তা হয়তো হয়ে গেছে। কিছু না বুঝেই কোনো সাবধানতা ছাড়াই মারাত্মক প্রাণঘাতী তেজস্ক্রিয় পদার্থ নাড়াচাড়া করেছে তারা। এতে নিজেদের অজান্তেই তেজস্ক্রিয়তার বিষে হয়তো তারা আক্রান্ত হয়েছেন।
আর তা হয়ে থাকলে এটি নিশ্চিতভাবে তাদের জীবন সংশয়ের কারণ হয়ে উঠবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
