ইউক্রেনে বিক্ষোভ বন্ধের ডাক প্রধানমন্ত্রীর
ইউক্রেনে বিক্ষোভের বন্ধের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ। রাজনৈতিক উত্তেজনা আর না বাড়ানোর জন্য বিরোধীদের আহ্বান জানান তিনি।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, কেউ সংবিধান এবং আইন ভঙ্গ করলে শাস্তি দেয়া হবে।
ইউক্রেনে এক সপ্তাহেরও বেশি সময়ের প্রতিবাদ-বিক্ষোভের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজারভ এ আহ্বান জানান। তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার পার্লামেন্টে অনাস্থা ভোটে সরকারের জয়লাভের পরিপ্রেক্ষিতে আজারভ তার ভাষণে বিরোধীদলগুলোকে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভকারীদের উদ্দেশে অাজারভ বলেন, “আপনাদের নেতারা আপনাদেরকে অপরাধের পথে নিয়ে যাচ্ছে। তারা আইনপ্রণেতার বিচার থেকে অব্যাহতির সুযোগে পার পেয়ে যাবে। কিন্তু আপনাদেরকে রক্ষা করার কেউ থাকবে না”।
ইউক্রেন সরকার গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই শুরু হয় গণবিক্ষোভ। ২০০৪ সালের ‘অরেঞ্জ রেভল্যুশন’ এর পর ইউক্রেনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।
