২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর বিদ্রোহীদের তৎপরতা পর্যবেক্ষণ করবে ড্রোন

বিদ্রোহীদের তৎপরতা পর্যবেক্ষণের জন্য গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে চালকবিহীন বিমান (ড্রোন) পাঠিয়েছে জাতিসংঘ। রুয়ান্ডা ও উগান্ডা সীমান্তের কাছে জঙ্গলে ড্রোনগুলো পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

জাতিসংঘের কোনো মিশন থেকে এই প্রথম ড্রোন পাঠানো হল বলে বিবিসি জানিয়েছে।

প্রথম দুইটি ড্রোন পূর্বাঞ্চলের শহর গোমা থেকে চালু করা হয়। ২০১২ সালে এম২৩ জঙ্গি দল স্বল্প সময়ের জন্য এই শহরটি দখল করে নিয়েছিল।

কঙ্গোতে নভেম্বরেও এম২৩ বিদ্রোহীদের যুদ্ধে পরাজিত করতে জাতিসংঘের সেনাসদস্যরা মূল ভূমিকা পালন করেছে। যদিও সেখানে এখনো অন্যান্য বিদ্রোহী দল তাদের কার্যক্রম চালাচ্ছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান হার্ভে ল্যাডসোআস বিবিসিকে বলেন, “অস্ত্রবিহীন ড্রোনগুলোকে অস্ত্রধারী দলের কার্যক্রম এবং বেসামরিক জনগণের চলাফেরা পর্যবেক্ষণ করার যন্ত্র হিসেবে বেছে নেয়া হয়েছে।“

“সেখানে কি ঘটছে সেটার আরো ভালো চিত্র পাওয়া আমাদের প্রয়োজন।“

যদি তারা কঙ্গোতে সফল হন তবে জাতিসংঘের অন্যান্য শান্তিরক্ষা মিশনেও এটা ব্যবহার করা হবে বলে জানান ল্যাডসোআস।

জাতিসংঘের ড্রোন পাঠানোর ব্যাপারে কঙ্গোর প্রতিরক্ষামন্ত্রী আলেজান্ডার লুবা নাতাম্বো বলেন, ড্রোনগুলো বিদ্রোহী দলগুলোর বিরুদ্ধে তাদের সেনাবাহিনীকে সাহায্য করবে।

“এর মাধ্যমে আমরা জানতে পারবো তারা (বিদ্রোহীরা) ঠিক কোথায় লুকিয়ে আছে এবং এতে আমাদের অভিযান আরো অনেক বেশি কার্যকর হবে।“

জাতিসংঘের কর্মকর্তারা আশা করছেন আগামী কয়েক মাসে আরো তিনটি ড্রোন কঙ্গোর উত্তর কিভুতে পাঠানো হবে। সেগুলোর একটি ডিসেম্বরের শেষে এবং বাকি দুইটি ২০১৪ সালের মার্চের শেষে পাঠানো হতে পারে।

বিবিসির প্রতিনিধি জানান, অনেক দিন ধরেই ধারণা করা হচ্ছে উত্তর কিভু প্রদেশের বিভিন্ন অস্ত্রধারী দলগুলো প্রতিবেশী দেশগুলো থেকে তাদের রসদের যোগান পাচ্ছে। যদিও এম২৩ বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে রুয়ান্ডা ও উগান্ডা।

তবে কঙ্গোতে পাঠানো ড্রোনগুলো শুধু মাত্র দেশটির বিভিন্ন অঞ্চলেই উড়বে। প্রতিবেশী দেশগুলোর ওপর দিয়ে চলার অনুমতি তাদের নেই বলে বিবিসিকে জানান কঙ্গোতে জাতিসংঘ বাহিনীর কমান্ডার আলবার্তো ডস সান্তা ক্রুজ।