ইউক্রেনে অনাস্থা ভোটে হেরেছে বিরোধীদল
ইউক্রেনে সরকারকে পদত্যাগে বাধ্য করানোর চেষ্টা রুখে দিয়েছে পার্লামেন্ট। সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটে হেরে গেছে বিরোধীদল।
প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভ সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করেছে বিরোধীদলগুলোর ১৬৮ জন সদস্য। কিন্তু প্রস্তাবটি প্রয়োজনীয় ২২৬ ভোট না পাওয়ায় হার হয়েছে বিরোধীদের।
অনাস্থা প্রস্তাবে ভোটের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে ব্যবহার করার জন্য সরকার পক্ষ থেকে ক্ষমা চেয়ে পার্লামেন্টে বক্তব্য রাখেন আজারোভ।
প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের বাইরে এ সময়ও জমায়েত ছিল হাজার হাজার মানুষ।
ইউক্রেন সরকার গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই শুরু হয় গণবিক্ষোভ।
এরপর বিক্ষোভ ক্রমেই জোরদার হতে থাকায় গণঅভ্যুত্থানের সব লক্ষণই দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আজারোভ। পার্লামেন্ট ভবন দখল হয়ে যাওয়ার পরিকল্পনাও সরকারের জানা আছে বলে জানান তিনি।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পদত্যাগ দাবি করে সাধারণ ধর্মঘট ডেকেছে।
ওদিকে, ইয়ানুকোভিচ সতর্ক করে দিয়ে বলেছেন, গত সপ্তাহে সহিংসতার পর বিক্ষোভমিছিল শান্তিপূর্ণ হওয়া উচিত। পরিকল্পনামাফিক চীন সফরে যাচ্ছেন বলেও জানান তিনি।
