জাপানে যুক্তরাষ্ট্রের সাবমেরিন-শিকারী বিমান
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুটি অত্যাধুনিক সাবমেরিন-শিকারী পি-৮এ পোসিডন টহল বিমান জাপানে পৌঁছেছে।
চীনের নিকটবর্তী সাগরে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সাবমেরিন ও অন্যান্য জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি আরো উন্নত করতে বিমানগুলো সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জেফরি পুল সোমবার জানিয়েছেন, প্রথম দুটি পি-৮ বিমান রোববার জাপানে পৌঁছেছে।
চলতি সপ্তাহের মধ্যেই এ ধরনের আরো চারটি বিমান সেখানে পৌঁছবে বলে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।
প্রাথমিকভাবে মোতায়েনকৃত এসব বিমান জাপানে পাঠানোর পরিকল্পনা চীনের ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণার আগেই করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
গত মাসের শেষ দিকে চীন তার উপকূলসংলগ্ন পূর্ব চীন সাগরের বিশাল একটি এলাকাকে নিজের ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ বলে ঘোষণা করেছে। এই এলাকায় জাপানি মালিকানাধীন কয়েকটি দ্বীপও পড়েছে, যা চীন নিজের বলে দাবি করে আসছে।
ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশকারী বিদেশি বিমানকে চীনা কর্তৃপক্ষের কাছে নিজের পরিচয় প্রকাশ করতে, গন্তব্যে যেতে আকাশ পথ ব্যবহারের পরিকল্পনা পেশ করতে ও সার্বক্ষণিক দ্বীপাক্ষিক যোগাযোগ রক্ষা করতে নির্দেশ দিয়েছে চীনা সেনাবাহিনী।
চীনের এ ঘোষণায় প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এরমধ্যেই ওই অঞ্চলে এসব অত্যাধুনিক বিমান মোতায়েন করল জাপান ও দক্ষিণ কোরিয়ার মিত্র যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, তারা বেইজিংকে আগেভাগে না জানিয়েই নিয়মিতভাবে চীনের ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলসহ ওই এলাকায় টহল অভিযান চালিয়ে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এসব টহল অভিযানের মধ্যে গোয়েন্দা বিমানও থাকে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের টোকিও আসার কথা রয়েছে। টোকিওর পর বাইডেনের বেইজিং যাওয়ারও কথা রয়েছে। তার আগেই পি-৮ বিমানগুলো জাপানে মোতায়েন করা হল।
সফরে বাইডেন মিত্র জাপানের পক্ষ নিয়ে উত্তেজনা প্রশমণের জন্য চীনকে বোঝানোর চেষ্টা করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
মোতায়েনকৃত পি-৮ বিমানগুলো অত্যাধুনিক রাডার যন্ত্রপাতিতে সজ্জিত, এছাড়া টর্পেডো ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রেও এটি সজ্জিত। এটি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর আগের সাবমেরিন-শিকারি পি-৩ বিমানগুলো থেকে আরো বেশি দূর উড়ে যেতে ও অভিযানে বেশি সময় থাকতে সক্ষম।
পেন্টাগন জানিয়েছে, পি-৮ বিমানগুলো বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার সাবমেরিন বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী আকাশযান।
চীন ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপগুলোর (চীনে দিয়াইয়ু ও জাপানে সেনকাকু নামে পরিচিত) আকাশসীমায়ও এসব বিমান টহল দেবে বলে পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
