আফগানিস্তানে ট্রাকবোমায় ৪ পুলিশ নিহত
আফগানিস্তানে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে একটি পুলিশ ঘাটিতে ঢুকে পড়লে বিস্ফোরণে অন্তত চার পুলিশ নিহত হয়েছে।
সরকারি সূত্র জানায়, রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে ওয়ারদাক প্রদেশে এ ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছ, যাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক।
ফজরের নামাজ আদায়ের জন্য পুলিশ সদস্যরা ঘাঁটির মসজিদে জমায়েত হলে এই বিস্ফোরণ ঘটানো হয়।
তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
বিবিসির কাবুল প্রতিনিধি বলেন, হামলার স্থান নারখ জেলা ওয়ারদাক প্রদেশের সবচেয়ে বেশি অনিরাপদ এলাকাগুলোর একটি।
জেলাটির অনেক গ্রামীণ জনপদ তালেবানদের নিয়ন্ত্রণে। সেইসঙ্গে হিজব-ই-ইসলামি জঙ্গি দলটিও সেখানে সক্রিয়।
নেটো ও যুক্তরাষ্ট্র ২০১৪ সালের শেষে আফগানিস্তান থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ফলে দেশটির নিরাপত্তায় আফগান নিরাপত্তা বাহিনীকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে।
