যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কারজাইয়ের অভিযোগ
দ্বিপাক্ষিক চুক্তির জন্য চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র আফগান সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
রোববার আফগান প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়েছে।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে প্রায় সব বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ধরন নির্ধারণ করবে ওই দ্বিপাক্ষিক চুক্তি।
বিবৃতিতে বলা হয়, “আফগান সামরিক বাহিনী ও পুলিশের জ্বালানি ও অন্যান্য সরবরাহ বন্ধ রেখে আফগানিস্তানকে চাপে ফেলে দ্বিপাক্ষিক চুক্তি সইয়ে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে বিবৃতিটির বক্তব্য অস্বীকার করে ওয়াশিংটন জানিয়েছে, দ্বিপাক্ষিক চুক্তিটি দ্রুত সই না হলে দুই বছর আগে ইরাকে যেমন করা হয়েছে, তেমনভাবে আফগানিস্তান থেকেও অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেয়া হতে পারে।
গত সপ্তাহে কারজাই জানিয়েছিলেন, এপ্রিল ২০১৪’র প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি চুক্তি সই নাও করতে পারেন।
আফগান অভিযোগের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের পথে রসদ সরবরাহ আসতে বিভিন্ন ধরনের সমস্যা থাকায় সরবরাহে দেরি হচ্ছে, আর এতেই অভিযোগটি গড়ে ওঠার পথ তৈরি হয়েছে।
এক বিবৃতিতে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে জাননো হয়েছে, “অনুরোধ করা জ্বালানি সরবরাহে কোনো বিরতি দেয়া হয়নি, আর পাওয়া মাত্রই আদেশকৃত সব রসদ সরবরাহ করবো আমরা।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই করার বিষয়ে মতামত নেয়ার জন্য গত সপ্তাহে কয়েক হাজার আফগান সম্মানিত নাগরিককে ডেকে নিয়ে আসেন কারজাই। তারা দ্রুত চুক্তি সইয়ের পক্ষে মত দিলেও কারজাই তা অগ্রাহ্য করেন।
এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কারজাইয়ের সম্পর্ক অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।
