ডাক্তারি পরীক্ষার মুখে তরুণ তেজপাল
ভারতের আলোচিত ম্যাগাজিন তেহলকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক তরুণ তেজপালকে যৌন সক্ষমতা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যৌন হয়রানি বিষয়ক মামলায় পরীক্ষাটি করা বাধ্যতামূলক।
সোমবার গোয়া পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
সহকর্মীকে ধর্ষণের অভিযোগে শনিবার তেজপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়ার একটি আদালত তার জামিন আবেদন খারিজ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাকে ছয দিনের জন্য গোয়া পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত।
গত মাসের শুরুর দিকে তেজপাল গোয়ার একটি পাঁচ তারকা হোটেলে সহকর্মী এক নারী সাংবাদিককে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। ওই সময় গোয়ায় তেহলকার একটি সম্মেলন চলছিল।
গত ২২ নভেম্বর তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়। এরপর ছয় মাসের জন্য তেহলকার সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।
নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকার সময় তেজপালকে বাইরের খাবার সরবরাহ এবং নিজের পচ্ছন্দ মতো কাপড় পরতে দেয়ার অনুমতি দিয়েছে আদালত। দিনে একবার আইনজীবীকে তার সঙ্গে দেখা করারও অনুমতি দেয়া হয়েছে।
আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তরুণী সহকর্মীর সঙ্গে যৌনসংসর্গ সম্মতির ভিত্তিতেই হয়েছে বলে দাবি করেন তিনি।
তেজপালের এ দাবি খারিজ করে দিয়ে অভিযোগকারী তরুণী বলেছেন, তেজপালকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তেজপালের পরিবার তাকে ভয়ভীতি দেখিয়ে হেনস্তা করছে বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।
