নিউ ইয়র্কে ট্রেন দুর্ঘটনা, নিহত ৪
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বঙ্ক্স এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রোববার স্থানীয় সময় সকাল ৭ টা ২০ মিনিটে স্পইটন ডুইভিল স্টেশন থেকে ১শ মিটার দূরে একটি বাঁক ঘোরার সময় মেট্রো-নর্থ ট্রেনটির ৭ টির মধ্যে ৫ টি বগিই লাইনচ্যুত হয়। মেট্রো নর্থ এর মুখপাত্র অ্যারোন দোনোভান একথা জানান।
ট্রেনটি পুকিপসি থেকে গ্রান্ড সেন্ট্রাল স্টেশনে যাচ্ছিল এবং এর গতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
লাইনচ্যুত হওয়া একটি বগি হাডসন নদীর কাছে গিয়ে পড়েছে। সেখানে পুলিশ এবং উদ্ধারকর্মীরা জীবীতদের সন্ধান করছে।
নিউ ইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজনের উক্তি, “আমি ঘুমিয়ে ছিলাম। বগি গড়িয়ে পড়তে থাকলে জেগে উঠি। লোকজন চেঁচামেচি করছিল। চারিদিক ছেয়ে যায় ধোঁয়া আর ধ্বংসস্তুপে”।
নিউ ইয়র্কের মেয়র এন্ড্রু কুয়োমো দুর্ঘটনায় মানুষ হতাহতের খবর নিশ্চিত করে জানিয়েছেন এবং ঘটনাস্থল পরির্দশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাটিকে নিঃসন্দেহে ‘মর্মান্তিক’ উল্লেখ করে তিনি বলেন, “সবার আগে ট্রেনে যারা ছিল তাদের দিকে মনোযোগী হওয়াটা গুরুত্বপূর্ণ…. দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো ধারণা করার আগে আমরা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) কি বলে তা শোনার অপেক্ষায় আছি”।
যুক্তরাষ্ট্রে এ বছর এটি দ্বিতীয় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা। এর আগে ১৭ মে তে কানেকটিকাটের ব্রিজপোর্টে পূর্বমুখী একটি ট্রেনের সঙ্গে পশ্চিমমুখী ট্রেনের সংঘর্ষে ৭৩ যাত্রী আহত হয়েছিল।
