আপাতত গ্রেপ্তার এড়ালেন তরুণ তেজপাল
শনিবার সকাল ১০ টা পর্যন্ত জামিন পেয়ে আপাতত গ্রেপ্তার হওয়া থেকে রেহাই পেলেন ভারতের আলোচিত সাময়িকী তেহলকার প্রধান সম্পাদক তরুণ তেজপাল।
তেজপালের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে গোয়ার স্থানীয় আদালত তাকে এ জামিন মঞ্জুর করেছে বলে জানিয়েছে দ্য হিন্দু।
এতে করে স্থগিত হল ধর্ষণ মামলায় গোয়া এবং দিল্লি পুলিশের কাছে তার বিরুদ্ধে আগেই জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।
গোয়া পুলিশের কয়েকটি সূত্র বলেছে, “এ মুহূর্তে আমরা তাকে গ্রেপ্তার করতে পারছি না। তবে তার ওপর কড়া নজর রাখা হচ্ছে”।
শুক্রবার জামিন পাওয়ার পরই তেজপাল দিল্লি থেকে সন্ধ্যায় গোয়ায় যান। সেখানে বিমানবন্দরে নেমেই প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েন তিনি।
গোয়ার অপরাধ তদন্ত বিভাগ সম্প্রতি তাকে জেরা করছে।
তার আইনজীবী গীতা লুথরা বলেছেন, তেজপাল মুক্ত হলেও তদন্ত কর্মকর্তা তাকে তলব করা মাত্র তিনি সেখানে যাবেন। তদন্তে সহযোগিতা করতেই তেজপাল গোয়ায় উপস্থিত হয়েছেন।
দুই সপ্তাহ আগে তেজপাল গোয়ার একটি হোটেলে সহকর্মী এক নারী সাংবাদিককে যৌন হয়রানি করেন বলে অভিযোগ আছে।
এ অভিযোগে তেজপালের বিরুদ্ধে ৩৭৬ ধারায় (ধর্ষণ) মামলা দায়ের করেছে গোয়া পুলিশ। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার নূন্যতম ১০ বছরের জেল থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
