২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আকাশ হামলার নিন্দায় কারজাই

দক্ষিণ আফগানিস্তানে একটি বাড়িতে যুক্তরাষ্ট্র বাহিনীর বোমা হামলায় একটি ছোট্ট শিশু নিহত এবং দুইজন নারী আহত হয়েছেন। হামলাটিকে বেসামরিক জীবনের প্রতি তুচ্ছতাচ্ছিল্যের উদাহরণ বলে কড়া ভাষায় এর নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2013, 02:33 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি।

হামলাটি এমন সময়ে করা হলো যখন নিরাপত্তা বিষয়ে একটি দ্বিপাক্ষিক চূক্তি নিয়ে কারজাই সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। ২০১৪ সালের পরও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাহিনী অবস্থান করবে কিনা, এই চুক্তির মাধ্যমেই তা নির্ধারিত হওয়ার কথা রয়েছে।

হামলার বিষয়ে ফাইজি বলেন, “এতে এটাই প্রমাণিত হলো যে, যুক্তরাষ্ট্র বাহিনীর লয়া জিরগার সিদ্ধান্তের এবং আফগানিস্তানের বেসামরিক জনগণের জীবনের প্রতি কোনো শ্রদ্ধা নেই।“

“যদি এই ধরণের অভিযান অব্যাহত থাকে তবে কোনো চুক্তিই হবে না,” বলেন তিনি।

যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে এ বছরের শেষে আফগানিস্তানের সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে না পারলে ২০১৪ সালের পর তারা আফগানিস্তান থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেবে। দুই বছর আগে এভাবেই তারা ইরাক থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়েছিলো।

এদিকে গত সপ্তাহে নিরাপত্তা চুক্তির বিষয়ে লয়া জিরগার অনুমোদন পেলেও এখন পর্যন্ত চুক্তিতের স্বাক্ষর করতে রাজি হননি কারজাই।

যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি কিছু জিনিস দাবি করে এখনই চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেছেন কারজাই। তার দাবীগুলোর মধ্য অন্যতম হল কিউবার গুয়ানতানামো বে কারাগার থেকে সব আফগান বন্দীকে ফিরিয়ে আনা।

বোমা হামলায় নিহত শিশুটির বয়স দুই বা তিন বছর বলে জানিয়েছেন ফাইজি। হতাহতরা নিরাপত্তার জন্য একটি বাড়ির ভেতর দৌড়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবী করেন তিনি।

“তারা মাছির মতো বেসামরিক মানুষকে হত্যা করছে। তাদের জন্য অবশ্যই একটি সীমানা টেনে দেয়া উচিত। এমনকি যদি একজন বিদ্রোহীর বাড়িও হয়, তার ওপরও বোমাবর্ষণ করা তাদের উচিত নয়,” বলেন ফাইজি।

একই অঞ্চলে বৃহস্পতিবার বিকালে অন্য একটি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তি বিদ্রোহী নাকি বেসামরিক লোক তা শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।