হংকংয়ে ফেরির সঙ্গে ‘অজানা বস্তুর’ সংঘর্ষে আহত ৮৫
হংকংয়ে দ্রুত গতির একটি যাত্রীবাহি ফেরির সঙ্গে “অজানা বস্তুর” সংঘর্ষ ঘটে প্রায় ৮৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দিনের প্রথম প্রহরে হেই লিঙ চাউ দ্বীপের কাছে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
ফেরিটি হংকং থেকে ম্যাকাও যাচ্ছিল। ফেরির পরিচালক জানিয়েছেন, ফেরিটিতে ১শ’ পাঁচজন যাত্রী ও ১০ জন ক্রু ছিল।
দুর্ঘটনার পর ফেরিটিকে স্থানীয় একটি টার্মিনালে টেনে নিয়ে আসা হয় বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে।
হংকংয়ের অ্যাপেল ডেইলি নিউজ ওয়েবসাইটকে এক যাত্রী বলেন, “হঠাৎ বিকট একটি শব্দ হয়ে ফেরিটি উপরের দিকে উঠে গেল। এ সময় অনেক যাত্রী তাদের আসন থেকে ছিটকে পড়ে।”
দুর্ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। কিসের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়েছে তা অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় এক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দমকল বাহিনী সংঘর্ষস্থলে তল্লাশী অভিযান শুরু করলেও অজানা ওই বস্তুটিকে খুঁজে পায়নি।
এক দমকল কর্মী বলেছেন, “যে বস্তুটির সঙ্গে সংঘর্ষ হয়েছে তা হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে ডুবে গেছে অথবা দূরে কোথাও যেয়ে পড়েছে।”
দুর্ঘটনাকবলিত ফেরিটির নাম ‘মাদেরিয়া’ বলে জানিয়েছে ফেরিটির পরিচালনাকারী কোম্পানি টার্বোজেট।
এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, সংঘর্ষে ফেরিটির কোনো ক্ষতি হয়নি।
হংকংয়ে যানবাহনের সংঘর্ষজনিত কারণে দুর্ঘটনায় হতাহত হওয়া একটি বিরল ঘটনা।
গত বছর হংকংয়ের লামা দ্বীপের উপকূলে উচ্চ গতির এক ফেরির সঙ্গে একটি প্রমোদতরীর মুখোমুখি সংঘর্ষে ৩৯ জন নিহত হয়েছিল।
