গৃহযুদ্ধে নিহতদের তালিকা তৈরি করছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় ২৬ বছরের গৃহযুদ্ধে নিহতদের তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে সরকার।
২০০৯ সালে বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের সঙ্গে যুদ্ধের শেষ পর্যায়ে সামরিক বাহিনীর গণহত্যা চালানোর অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক চাপের মুখে এ পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কা সরকার।
বিবিসি জানায়, ১৯৮৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুদ্ধে নিহতদের পাশাপাশি নিখোঁজ মানুষ এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিপূর্ণ তালিকা তৈরির জন্য দেশজুড়ে তথ্য সংগ্রহ করবেন ১৬ হাজার শুমারি কর্মকর্তা।
সরকার বুধবার এক বিবৃতিতে বলেছে, ছয় মাস ধরে তথ্য সংগ্রহ করা হবে এবং এ প্রক্রিয়া শুরু হচ্ছে ২৮ নভেম্বর থেকেই।
চলতি মাসে কলোম্বোয় কমনওয়েলথ সম্মেলনে শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।
২০০৯ সালের মে মাসে বিদ্রোহী তামিল গেরিলাদের পরাজিত করে শ্রীলঙ্কার সেনাবাহিনী। ওই লড়াইয়েরই শেষ দিকে সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
যুদ্ধের শেষ দিকে সেনাবাহিনীর হামলায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ আছে এবং বিষয়টির নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিও উঠেছে।
কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কোন আন্তর্জাতিক তদন্ত চালানোর অনুমতি দেয়া হবে না বলে ঘোষণা করেছেন এবং গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে তার সরকারের আরো সময় প্রয়োজন বলে জানিয়েছেন।
