শান্তি আলোচনায় অংশ নেবে না ফ্রি সিরিয়ান আর্মি
জাতিসংঘর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যক্ষ মদদে জানুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য সিরিয়ার শান্তি সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)।
দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহী লড়াইয়ে অংশ নেয়া অন্যতম প্রধান বাহিনী এফএসএ।
মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে এফএসএ’র কামান্ডার জেনারেল সালিম ইদ্রিস।
জেনেভায় যোগ না দিয়ে ওই সময় আসাদকে ক্ষমতা থেকে হটাতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সিরিয়ার বিদ্রোহীপক্ষের বিভক্ত বাহিনীগুলোর সবপক্ষকে শান্তি আলোচনায় নিয়ে যাওয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জন্য কতোটা কঠিন হবে, ইদ্রিসের এই ঘোষণায় সেটি আরো পরিষ্কার হল।
‘জেনেভা-২’ নামের এই সম্মেলন ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে সোমবার ঘোষণা করেছে জাতিসংঘ। এতে সিরিয়ার আড়াই বছর ধরে চলা গৃহযুদ্ধে সমাপ্তি টেনে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশটির ক্ষমতা হস্তান্তরের রুপরেখা ঠিক করা হয়েছে।
এতে সিরিয়ার আসাদ সরকার ও তার সরকারের বিরুদ্ধে লড়াইরত পক্ষগুলো অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু পশ্চিমাদেশগুলোর সমর্থনপুষ্ট এফএসএ সে আশায় জল ঢেলে দিল।
আল জাজিরা টেলিভিশনের মাধ্যমে ইদ্রিস বলেছেন, “ঘোষিত তারিখে জেনেভা-২ আলোচনা চালিয়ে নেয়ার জন্য উপযু্ক্ত পরিস্থিতি নেই। একটি সামরিক ও বিপ্লবী বাহিনী হিসেবে আমরা ওই সম্মেলনে অংশগ্রহণ করবো না।”
“জেনেভা সম্মেলন চলাকালীন বা পরে আমরা কোনভাবেই লড়াই বন্ধ করবো না। আমাদের যা উদ্বিগ্ন করছে তা হল, আমাদের যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র পাওয়া।”
শান্তি সম্মেলন আয়োজনের উদ্দেশ্যে কূটনীতিক তৎপরতা চললেও তা দেশটিতে চলমান সহিংসতায় কোনো প্রভাব ফেলতে পারেনি।
আড়াই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে ও লাখ লাখ মানুষ উদ্ধাস্তুতে পরিণত হয়েছে।
