আলেপ্পোয় বিমান হামলা, নিহত ৪০
সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।
আলেপ্পোর কয়েকটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এ হামলা চালানো হয়।
তবে একটি ঘটনায় বিদ্রোহী এলাকার বদলে ভুল করে একটি সবজি বাজারে বিমান হামলা হয়। এতে নিহত হয় ১৫ জন।
রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে জঙ্গি বিমান সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, শনিবার কয়েকটি প্রাণঘাতী বিমান হামলা হয়েছে।
সবচেয়ে মারাত্মক হামলা হওয়ার খবর পাওয়া গেছে আলেপ্পোর উত্তরে আল-বাব এলাকা থেকে। সেখানে ২২ জন নিহত হয়।
জঙ্গি বিমান হানা দিয়েছে আলেপ্পার আরো দুটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা হালওয়ানিয়ে এবং কারাম আল-বেইক এ। এখানেও বেশ কিছু সংখ্যক মানুষ হতাহত হয় বলে জানিয়েছেন অবজারভেটরির প্রধান রমি আব্দুল রহমান।
তবে কোনো হামলার ঘটনাই নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। ওদিকে, সরকারের সম্প্রীতিমন্ত্রী একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন বলেও কয়েকটি সূত্র থেকে খবর পাওয়া গেছে।
