২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক কর্মসূচি কমাতে রাজি ইরান

ছয় বিশ্বশক্তির সঙ্গে জেনেভায় চার দিনের নিবিড় আলোচনায় পৌঁছানো চুক্তির আওতায় ইরান ৭শ’ কোটি ডলারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি কিছুটা কমাতে রাজি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কিছু কাজ বন্ধ রাখাসহ পারমাণবিক স্থাপনাগুলোতে অস্ত্রপরিদর্শকদেরকে আরো বেশি প্রবেশাধিকার দিতেও রাজি হয়েছে ইরান।

চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি উপযোগী ৫ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদও একই পরিমাণ কমাবে।

এছাড়া, নাতাঞ্জ এবং ফর্দো পারমাণবিক স্থাপনায় প্রতিদিনই অস্ত্র পরির্দশকদেরকে প্রবেশ করতে দেবে দেশটি।

বিনিময়ে ইরানের ওপর আগামী ছয় মাসে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না পশ্চিমা বিশ্ব। সেইসঙ্গে ইরানের পেট্রোকেমিক্যাল রপ্তানি এবং মূল্যবান ধাতুসহ আরো কয়েকটি খাতে নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে অন্যান্য ক্ষেত্রে আরোপিত আগের নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে।

কিন্ত এ চুক্তির পরও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অক্ষুণ্ণ আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তবে দেশবাসীর উদ্দেশে এক সম্প্রচারে তিনি বরাবরের মতো এবারও বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি পথে পা বাড়াবে না।

বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার পশ্চিমা বিশ্বের অভিযোগ বরারবই অস্বীকার করে ইরান বলে এসেছে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা চাই।

চুক্তির আওতায় কিছু পারমাণবিক কমর্সূচি স্থগিত রাখতে রাজি হওয়ার মধ্য দিয়ে পশ্চিমাদের কয়েক দশকের উদ্বেগ প্রশমনে আস্থা অর্জনের পদক্ষেপ নিল ইরান।

“ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামগ্রিক একটি সমাধানে পৌঁছার পথ সুগম করল এ চুক্তি”, বলেছেন, ইউরোপীয় ইউনিয়ান (ইইউ) এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি প্রথম পদক্ষেপ মাত্র। আমাদেরকে এখন আস্থা ফিরে পাওয়ার পথে হাঁটতে হবে”।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নতুন চুক্তির প্রশংসায় বলেছেন, এতে করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য নিরাপদ জায়গা হয়ে উঠবে।

চীন, রাশিয়া এবং জার্মানিও চুক্তির প্রশংসা করেছে। একইসঙ্গে এ চুক্তির প্রশংসা করেছে সিরিয়াও। এর মধ্য দিয়ে ইরানি কূটনীতির বিজয় হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।
চীন রোববার চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় কার্যকরী হবে বলে মন্তব্য করেছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্তারভেলে চুক্তিকে স্বাগত জানিয়ে একে এক ‘নতুন মোড়’ বলে উল্লেখ করেছেন।

এর মধ্য দিয়ে সব পক্ষ লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আলোচনায় অংশ নেয়া ব্রিটেন ও ফ্রান্সও চুক্তির প্রশংসা করেছে।

কেবলমাত্র ইসরায়েল চুক্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে ইরান পরমাণু কর্মসূচির জরুরি কাজগুলো অক্ষুণ্ন রেখে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে পেরেছে।

পুরনো খবর:

ইরানের পরমাণু কর্মসূচি: অবশেষে ‘সমঝোতা’