ইরাকে বোমা হামলায় নিহত ৯
ইরাকে একটি গাড়ি বোমা এবং একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় জন নিহত হয়েছন। এ দুটি বোমা হামলায় আহত হয়েছেন আরো ৫৪ জন।
শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় বিরোধপূর্ণ শহর তুজ খুর্মাতো’তে এসব হামলা চালানো হয়।
শহরটির মালিকানা নিয়ে বাগাদাদের সঙ্গে উত্তরাঞ্চলের স্বায়ত্ত্বশাসিত প্রদেশ কুর্দিস্তানের বিরোধ চলছে। উভয়েই তুজ খুরর্মাতো শহরের মালিকানা দাবী করে আসছে।
পুলিশ এবং সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, শনিবার রাজধানী বাগদাদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়।
সূত্র জানায়, প্রথমে গাড়ি বোমাটি শহরের একটি ব্যস্ত বাজারের শিয়া মসজিদের কাছে নামাজ শেষ হওয়ার পরপরই বিস্ফোরিত হয়। এর কিছু ক্ষণের মধ্যেই আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
গত অন্তত পাচ বছর ধরে ইরাকি কর্তৃপক্ষকে এ ধরণের ভয়াবহ নৃশংসতা রুখতে রীতিমতো লড়াই করতে হচ্ছে। এ ধরণের বেশির ভাগ বোমা হামলার জন্য আল কায়দা সংশ্লিষ্ট সুন্নি মুসলিম জঙ্গিরা দায়ী বলে মনে করে দেশটির সরকার।
২০১৩ সালের শুরু থেকে ইরাকে প্রতি মাসে এ ধরণের হামলায় একশ জনের ওপরে বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে।
