২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনকে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

স্মরণকালের প্রলয়ঙ্করী টাইফুন হাইয়ানের আঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনে ত্রাণ এবং পুনর্গঠন কাজের জন্য বিশ্বব্যাংক প্রায় একশ’ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও দেশটিতে ঝড়ে মৃতের সংখ্যা এখনো বাড়ছে।

শনিবার ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ঝড়ের মৃতের সংখ্যা বেড়ে ৫২৩৫ জনে দাঁড়িয়েছে। এখনো ১৬০০ জন নিখোঁজ রয়েছেন। গৃহহীন হয়ে আছে ৪০ লাখেরও বেশি মানুষ।

এরআগে বিশ্ব ব্যাংক তাদের সর্বোচ্চ জরুরি ঋণ ৫০ কোটি মার্কিন ডলারের ওপর ফিলিপাইনকে ৪৮ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছিল। পরে ঋণের পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

বাড়তি অর্থ সামাজিক পুনর্বাসন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন পানি, রাস্তা, স্কুল এবং ক্লিনিক নির্মাণে ব্যবহার হবে।

ফিলিপাইনের সরকার কংগ্রেস, ব্যক্তিগত সেক্টর ও দাতাদের সহায়তায় ঝড় পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা শুরু করেছে।

বিশ্বব্যাংকের পর এশীয় উন্নয়ন ব্যাংকও ফিলিপাইনকে ৫২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ দেয়ার অঙ্গীকার করেছে। এছাড়া বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থা আরো প্রায় ৩৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার দেয়ার অঙ্গীকার করেছে।

ফিলিপাইন সরকার প্রাথমিকভাবে ধারণা করছে হাইয়ানের ক্ষত সারিয়ে তুলতে ৫৮০ কোটি মার্কিন ডলারের বেশি খরচ হবে।