২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে পৌঁছতে হিমশিম ছয় বিশ্বশক্তি-ইরান

নিষেধাজ্ঞায় ছাড়ের বিনিময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করা নিয়ে একটি সাময়িক চুক্তিতে পৌঁছতে হিমশিম খাচ্ছে ছয় বিশ্বশক্তি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

জেনেভায় ছয়জাতির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা শুক্রবার তৃতীয়দিনে গড়িয়েছে। কিন্তু আলোচনায় দু’পক্ষে মতবিরোধ নিরসনে কোনো অগ্রগতি হয়নি বলেই শোনা যাচ্ছে।

আলোচনা সংশ্লিষ্ট কয়েকজন পশ্চিমা কূটনীতিক খুব শিগগিরিই ইতিবাচক কোনোকিছু হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন।

বৈঠকের প্রথম দুই দিনে দুপক্ষের মধ্যে আলোচনায় কিছুটা অগ্রগতি এবং অনেক মতপার্থক্যই নিরসন হলেও ইরানের একটি দাবি নিয়ে বিরোধ রয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকারের প্রকাশ্য স্বীকৃতি পাওয়ার দাবিতে অটল রয়েছে। এ দাবিটি নিয়েই আলোচকদের মধ্যে বিরাজ করছে মতানৈক্য। তবে এ মতবিরোধ ঠেলেও একটি অন্তর্বর্তী চুক্তি করার জন্য বৈঠকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ইরানের সঙ্গে বুধবার থেকে আলোচনা শুরু করেছে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন এবং জার্মানি। শুক্রবার তৃতীয় দিনে গড়ানো আলোচনাকে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নভেম্বরের শুরুর দিকে প্রথম জেনেভা বৈঠকে ছয় জাতির সঙ্গে সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল ইরান। কিন্তু শেষ পর্যন্ত ইরানের পরমাণু অধিকারের স্বীকৃতি দাবি এবং ফ্রান্সের কট্টর অবস্থানের কারণে চুক্তি আর হয়ে ওঠেনি।

দ্বিতীয় দফায় জেনেভা বৈঠক শুরুর আগে ইরান আবারও জানিয়ে দেয় তারা পরমাণু অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেবে না।