লাটভিয়ায় মার্কেট ধসে নিহত ৪৭
লাটভিয়ার রাজধানী রিগায় একটি সুপার মার্কেটের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনেকেই মার্কেটের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। তবে গত কয়েক ঘণ্টায় জীবীত কারো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতের সংখ্যা ৪৭ উল্লেখ করেছে। এদের মধ্যে রয়েছে তিন উদ্ধারকর্মীও। এ ছাড়া দুর্ঘটনায় আরো অন্ততপক্ষে ৩৮ জন আহত হয়েছে।
কী কারণে মার্কেটের ছাদ ধসে পড়েছে তা পরিষ্কার নয়। তবে বিবিসি’র এক প্রতিনিধি জানিয়েছেন, ঘটনার সময় মার্কেটটির ছাদে একটি বাগান নির্মাণের কাজ চলছিল।
লাটভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রিহার্ডস কজোলোভস্কিজ নির্মাণ কাজের ত্রুটির কারণে ছাদ ধসে পড়েছে তা স্পষ্ট বলে জানিয়েছেন।
মাক্সিমা চেইন কোম্পানির পরিচালনাধীন ৫ হাজার স্কয়ার ফিটের একতলা এই সুপার মার্কেটটি ২০১১ সালে চালু করা হয়েছিল।
প্রথমে মার্কেটের ছাদের একটি অংশ ধসে পড়লে উদ্ধারকর্মীরা উদ্ধার প্রচেষ্টা শুরু করে। প্রায় ২০ মিনিট পর অপর অংশটি ধসে পড়ে। এতে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টারত উদ্ধারকর্মীরাও হতাহত হন।
কংক্রিটের ধ্বংসস্তুপের নিচে এখনো প্রায় ৪০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
