সাগরে ধ্বংস করা হতে পারে সিরিয়ার রাসায়নিক অস্ত্র
সিরিয়ার রাসায়নিক অস্ত্র সাগরে নিয়ে গিয়ে ধ্বংস করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র আলবেনিয়ায় নিয়ে গিয়ে ধ্বংস করার যুক্তরাষ্ট্রের অনুরোধ দেশটি প্রত্যাখ্যান করার চারদিন পর এ অস্ত্রগুলো সাগরে, জাহাজে কিংবা সাগর উপকূলে নিয়ে ধ্বংস করার কথা ভাবছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন(ওপিসিডব্লিউ)। সংগঠনটির এক কর্মকর্তা এবং পশ্চিমা কূটনীতিকরা একথা জানিয়েছেন।
বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলার কথা জানিয়ে ওপিসিডব্লিউ’র ওই কর্মকর্তা মঙ্গলবার জানান, কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে এ মুহূর্তে কেবল এটুকুই জানা গেছে যে এমন সম্ভাবনা আছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, রাসায়নিক অস্ত্রগুলো কোনো জাহাজে ধ্বংস করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
গত ২১ অগাস্টে দামেস্কের উপকণ্ঠে সারিন গ্যাস হামলার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন সিরিয়ায় সামরিক হামলা চালানোর হুমকি দেয়ার পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি সই করেন। সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতেও রাজি হন তিনি।
