২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নারীদের জন্য ব্যাংক

ভারতে এই প্রথম নারীদের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক তাদের কার্যক্রম শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 03:14 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

মঙ্গলবার মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়া ভবনে ব্যাংকের প্রথম শাখাটির উদ্ধোধন করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

‘দ্য ভারতীয় মহিলা ব্যাংক’ নামের ব্যাংকটি প্রাথমিকভাবে সাতটি শাখায় তাদের কার্যক্রম শুরু করেছে বলে বিবিসি জানিয়েছে।

ব্যাংকটি নারীকর্মীদের দ্বারা পরিচালিত হবে এবং মূলত নারীদের আমানত গ্রহণ ও ঋণ প্রদান করা হবে।

সরকার ২০১৭ সালের মধ্যে ভারতজুড়ে ব্যাংকটির ৫শ’ শাখা খোলার পরিকল্পনা করেছে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, ভারতে মাত্র ২৬ শতাংশ নারীর প্রথাগত কোনা আর্থিক প্রতিষ্ঠানে একাউন্ট আছে, যেখানে ৪৬ শতাংশ পুরুষের তা আছে।

বিবিসি হিন্দি সার্ভিসকে ব্যাংকের সভাপতি উষা আনানথা সুব্রামানিয়ান বলেন, “নারী ও পুরুষ উভয়ই এখানে একাউন্ট খুলতে পারবেন। কিন্তু ব্যাংকটি মূলত নারীদের আমানত গ্রহণ এবং ঋণ প্রদান করবে।“

“আমাদের প্রধান উদ্দেশ্য অর্থনৈতিকভাবে নারীদের ক্ষমতায়ন এবং নারীদের শিক্ষিত করে তোলা।“

গ্রামে যেখানে একাউন্ট খুলতে গেলে নারীদের বেশি সমস্যায় পড়তে হয় সেখানেও এই ব্যাংকের শাখা খোলা হবে বলে জানান তিনি।

ভারতে মোট জনগোষ্ঠীর মাত্র ৩৫ শতাংশ ব্যাংক সেবা গ্রহণ করে যেখানে বিশ্বের ৫০ শতাংশ মানুষ এই সেবা গ্রহণ করছে।

ভারতজুড়ে ব্যাংকের শাখা একলাখের মতো এবং দেশটির ছয় লাখ ৫০ হাজারের বেশি গ্রামে কোনো ধরনের ব্যাংকের কোনো শাখা নেই।