২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ক্ষমতা পাচ্ছেন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশেষ ক্ষমতা দেয়ার বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় পরিষদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

এই ক্ষমতাবলে মাদুরো আগামী ১২ মাস কংগ্রেসের সঙ্গে কোন পরামর্শ ছাড়াই যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে সক্ষম হবেন।

বিলটিতে সই করার পর মাদুরো দ্রব্যমূল্য কমিয়ে আনা এবং কঠোর হস্তে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালানোর প্রতিজ্ঞা করেন।

দেশেটি অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন এই ক্ষমতাকে কাজে লাগানোর ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। যদিও তার সমালোচকদের ধারণা তিনি তার এই ক্ষমতা বিরোধীদলের বিপক্ষে কাজে লাগাতে পারেন।

নতুন এই আইনকে দুর্নীতির বিরুদ্ধে ‘আরো কঠিন যুদ্ধে’ কাজে লাগানো হবে বলে জানান মাদুরো।

মাদুরো বলেন, “সক্রিয় আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রব্যমূল্য কমিয়ে আনা হবে, দাম সেখানেই থাকবে যেখানে তাদের থাকা উচিত।“

যদিও বিরোধীদলগুলো বলছে, মাদুরোকে এরই মধ্যে অনেক ক্ষমতা দেয়া হয়েছে।

ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলকে বিরোধীদলের সাংসদ আন্দ্রেস ভেলাসকুয়েজ বলেন, “কি কারণে মাদুরোর আরো ক্ষমতা প্রয়োজন? তিনি তো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছেনই।“

ভেনেজুয়েলায় খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত বিদ্যুৎও নেই। দেশটিতে বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৫৪ শতাংশ।

মাদুরো এরই মধ্যে ব্যবসায়ীদের ৬০ শতাংশেরও বেশি ছাড়ে পণ্য বিক্রি করতে বাধ্য করেছেন। তিনি একে ‘অর্থনৈতিক অন্তর্ঘাত’ এর বিরুদ্ধে তার যুদ্ধ নাম দিয়েছেন।

এছাড়া ডলার নিয়ে কালোবাজারীদের বাড়তে থাকা অবৈধ লেনদেন বন্ধ করতে ভেনেজুয়েলা সরকার বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে আরো কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছে।

সক্রিয় আইনি বিলটি অনুমোদনের জন্য সরকারের ৯৯ ভোটের প্রয়োজন ছিল। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট উগো চ্যাভেজ তার ১৪ বছরের শাসনামলে চারবার এই ক্ষমতা পেয়েছিলেন।

ক্যান্সারে আক্রান্ত চ্যাভেজ মার্চে মারা যান। এরপর চ্যাভেজের ভাইস-প্রেসিডেন্ট এবং সহকারী মাদুরো দেশটির ক্ষমতায় আসেন।

তবে চ্যাভেজের যে জনপ্রিয়তা ছিলো মাদুরোর তা নেই।