সিংহের অস্বাভাবিক হামলায় সিংহীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সসাস রাজ্যের ডালাস শহরের চিড়িয়াখানায় এক সিংহের হামলায় এক সিংহীর মৃত্যু হয়েছে। সিংহের হামলায় অন্য সিংহ বা কখনো কখনো শাবকের মৃত্যু হলেও সিংহীকে আক্রমণ করার ঘটনা বিরল।
রোববার চিড়িয়াখানার দর্শণার্থীদের সামনেই বিরল এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
কী কারণে দর্শণার্থীদের সামনেই সিংহটি অস্বাভাবিক এই ঘটনাটি ঘটালো তার কারণ তদন্ত করে দেখছেন চিড়িয়াখানার কর্মকর্তারা।
নিহত সিংহীটির নাম ছিল জোহারি। পাঁচ বছরের জোহারির ঘাড়ে কামড় দিয়ে তাকে ধরে রেখেছিল সিংহটি। এতে জোহারির ঘাড় ভেঙে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং মৃত্যু হয়।
এই জুটিটি কয়েক বছর ধরে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল বলে জানিয়েছেন চিড়িয়াখানাটির কর্মকর্তারা। জোহারির ওপর সিংহটির চড়াও হওয়ার কোনো সঙ্গত কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা। তবে এ জন্য সিংহটিকে শাস্তি দেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তারা।
এক দর্শণার্থীর গ্রহণ করা ভিডিওতে দেখা যায়, আপত শান্ত সিংহটি জোহারির ঘাড়ে কামড় দিচ্ছে।
দর্শণার্থী জিম হার্ভে বলেছেন, “প্রথমে সবাই ভেবেছিল তারা খেলা করছিল, কিন্তু তখনই দেখা গেল সিংহীটি ছটফট করছে।”
চিড়িয়াখানার কর্মকর্তা লিন ক্রামার বলেন, “এটি একটি অত্যন্ত বিরল ও দুর্ভাগ্যজনক ঘটনা। চিড়িয়াখানায় আমার ৩৫ বছরের অভিজ্ঞতায় এ ধরনের ঘটনা কখনো দেখিনি।”
ক্রামার জানিয়েছেন, বন্য অবস্থায় সিংহ কখনো কখনো অন্য সিংহকে বা শাবককে মেরে ফেলে, তবে সিংহীকে আক্রমণ করা একটি অত্যন্ত বিরল ঘটনা।
এ ধরনের ঘটনা আবার ঘটার সম্ভাবনাকে “অনেক দূরের ব্যাপার” বলে মন্তব্য করেন তিনি।
