২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপনে নতুন পরমাণু স্থাপনা গড়ছে ইরান’

ইরান মাটির নিচে গোপনে একটি পরমাণু স্থাপনা গড়ে তুলছে।এটম বোমা তৈরির কর্মসূচির জন্য বেশ কয়েকটি গোপন স্থানের মধ্যে এটি একটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2013, 11:25 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

ইরানি একটি নির্বাসিত বিরোধী গোষ্ঠী ‘দ্য ন্যাশনাল কাউন্সিল অব রেসিসটেন্স অব ইরান’ (এনসিআরআই) সোমবার এ তথ্য পাওয়ার কথা জানিয়েছে।

এ গ্রুপটিই ২০০২ সালে নাতাঞ্জ এবং আরাক এ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের কথা ফাঁস করেছিল।

ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির প্রথম দফা আলোচনার পর ২০ নভেম্বরে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

তার আগে দেশটির নতুন এই গোপন স্থাপনা গড়ে তোলার খবর এল। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচির আড়ালে এটম বোমা তৈরির সন্দেহ করে আসছে।

তবে ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করেছে।

ইরানে গত জুনে মধ্যপন্থী প্রেসিডেন্ট রুহানির জয়ে পরমাণু কর্মসূচি নিয়ে এ বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আশা জেগে উঠেছে।

আর ঠিক এরকম একটি সময়েই এনসিআরআই বলছে, ইরানে তাদের পিপলস মুজাহিদিন শাখা সংগঠনের (পিএমওআই) সদস্যরা দেশটির পরমাণু প্রকল্পের জন্য নির্ধারিত নতুন এবং গোপন একটি স্থানের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য পেয়েছে।

তবে সেই স্থানে কি ধরনের পারমাণবিক কর্মসূচি চলছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি তারা।

এনসিআরআই এর সংগ্রীহিত সুনির্দিষ্ট কয়েকটি তথ্যানুযায়ী, ইরান তাদের পারমাণবিক প্রকল্পের জন্য গোপন স্থান বেছে নিয়ে সেখানে কাজ চালাচ্ছে কিংবা কাজ শেষ করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দলটির কর্মকর্তা মেহদি আব্রিচামচি।

জুলাই এবং অক্টোবরেও ইরানের গোপন পারমাণবিক স্থাপনা গড়ে তোলার অভিযোগ করে এনসিআরআই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে।

গ্রুপটি জানিয়েছে, নতুন স্থপনাটি গড়ে উঠছে ইরানের হাফ-ই-তির সামরিক শিল্প এলাকায় ইসফাহান-শিরাজ মহাসড়ক সংলগ্ন মোবারেকেহ শহর থেকে ১০ কিলোমিটার দূরে পর্বতের নিচে ৬শ’ মিটারের একটি টানেল কমপ্লেক্স এর ভেতরে।

মেহদি জানান, জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে এ তথ্য পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে আইএইএ কোনো মন্তব্য করেনি।