লিবিয়ায় গোয়েন্দা উপ-প্রধান মুক্ত
লিবিয়ায় রাজধানী ত্রিপোলির বিমানবন্দর থেকে অপহৃত গোয়েন্দা উপ-প্রধান কর্মকর্তা মুস্তফা নোয়াকে মুক্তি দিয়েছে সশস্ত্র মিলিশিয়ারা।
লিবিয়ার সামরিক কয়েকটি সূত্র বিবিসি কে একথা জানিয়েছে।
পশ্চিমাঞ্চলীয় শহর জিনটানের বন্দুকধারীরা তাকে অপহরণ করেছিল বলে খবর পাওয়া গেছে।
মুস্তফার সঙ্গে অপহৃত হন সাবেক বিদ্রোহী কমান্ডার আলা আল হাফস। তিনি পালিয়ে আসতে সক্ষম হন।
বিবিসি কে হাফস জানান, জিনটানের লোকেরা মুস্তফাকে ধরে নিয়ে যায় এবং মারধোরও করে বলে জেনেছেন তিনি। তবে মুস্তফার তেমন কোনো ক্ষতি হয়নি।
জিনটানের স্থানীয় নেতাদের নিয়ে গঠিত শুরা কাউন্সিলের হস্তক্ষেপের পর মুস্তফা মুক্তি পান বলে জানান হাফস।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপস্থিতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘট চলার মধ্যে রোববার মুস্তফা অপহৃত হন।
এর আগের দুইদিনে ত্রিপোলির বিভিন্ন এলাকায় মিলিশিয়াদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এ ধর্মঘট শুরু হয়।
ত্রিপোলি থেকে সশস্ত্র মিলিশিয়াদের হটিয়ে দেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে সরকার। মিলিশিয়ারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে এর আগেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অপহরণ করেছে।
লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাঈদানকে গত মাসে অপহরণ করে একটি মিলিশিয়া গ্রুপ। তবে কয়েকঘন্টা পর অক্ষত অবস্থায় মুক্তি পান তিনি।
সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালে গণবিক্ষোভ শুরুর পর থেকে লিবিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। বাড়তে থাকে সশস্ত্র মিলিশিয়াদের তত্পরতা। তাদের অধিকাংশই গাদ্দাফিবিরোধী লড়াইয়ে অংশ নিয়েছিল।
