কাশ্মিরের চেয়ে ছত্তিশগড়ে সহিংসতা বেশি : রাহুল
জম্মু এবং কাশ্মীরের তুলনায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত ছত্তিসগড়ে অনেক বেশি সহিংসতা ও আতঙ্ক বিরাজমান বলে মনে করেন ভারতীয় কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধি।
শনিবার ছত্তিসগড় রাজ্যের রাজধানী রায়পুরে এক নির্বাচনী প্রচারাভিযানকালে রাহুল একথা বলেন।
“বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ছত্তিসগড়ে অনেক বেশি আতঙ্ক এবং সহিংসতা বিরাজমান। আমি সম্প্রতি জম্মু এবং কাশ্মীর ঘুরে এসেছি। ওখানকার তুলনায় এখানে নৃশংসতা ও আতঙ্ক অনেক বেশি,” বলেন তিনি।
বিজেপি সরকার নকশালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ করে রাহুল বলেন, “নকশালদের হামলায় কংগ্রেসের নেতারা নিহত হয়েছেন। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”
“তারা (বিজেপি) উন্নয়নের কথা বলে। কিন্তু যেখানে নৃশংসতা এবং আতঙ্ক থাকে সেখানে উন্নয়ন হতে পারে না,” বলেন রাহুল।
ছত্তিশগড়ের প্রাকৃতিক সম্পদ এই রাজ্যের জনগণের জন্য, মন্ত্রীদের জন্য নয় জানিয়ে রাহুল আরো বলেন, “তারা উন্নতির কথা বলে কিন্তু তারা কি দেখতে পায় না নারী এবং আদিবাসীদের ওপর কতোটা অবিচার করা হচ্ছে? কিভাবে দুর্নীতি এবং একপাক্ষিক উন্নতি হচ্ছে?”
সমাবেশে তিনি কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তথ্য অধিকার আইন, শিক্ষা অধিকার আইন, খাদ্য নিরাপত্তা বিল এবং জমি অধিগ্রহণ বিল প্রণয়নের বিষয়গুলো তুলে ধরেন।
