মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ
প্রথম দফায় কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিয়েছে মালদ্বীপের জনগণ।
স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশব্যাপী ৪৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশনার ফুয়াদ তৌফিক বলেন, রোববার সকালে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে মোহাম্মদ নাশিদ সর্বোচ্চ ৪৭ শতাংশ ভোট পান। তবে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তাকে দ্বিতীয় দফার এ নির্বাচনে লড়তে হয়।
নির্বাচনে নাশিদের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইয়ামেন। প্রথম দফা নির্বাচনে তিনি ২৯ দশমিক ৭৩ শতাংশ ভোট পান।
দ্বিতীয় দফা ভোটের আগে নতুন করে প্রচার চালাতে আব্দুল্লাহ ইয়ামেন সময় চাওয়ায় এ ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়।
২০০৮ সালে মালদ্বীপে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডন্ট হন মোহাম্মদ নাশিদ। ২০১২ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলে আসছে।
গত সেপ্টেম্বরে একবার নির্বাচন হলেও অনিয়মের অভিযোগে তা বাতিল করে দেশটির সর্বোচ্চ আদালত।
এরপর গত ১৯ অক্টোবর নির্বাচনের তারিখ থাকলেওও ভোটার তালিকা নিয়ে জটিলতার জের ধরে তা স্থগিত করে দেয় দেশটির পুলিশ।
