২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া যুদ্ধে সহায়তার অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার

সিরিয়া সরকারকে বিদ্রোহ দমনে সামরিক সহায়তা করার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

পিয়ংইয়ং সিরিয়ায় পরামর্শক এবং হেলিকপ্টার চালক পাঠিয়েছে বলে সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর দেশটি তা অস্বীকার করল।

উত্তর কোরিয়ার অল্প কয়েকটি মিত্র দেশের মধ্যে সিরিয়া অন্যতম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার বলেছে, “কিছু বিদেশি সংবাদ মধ্যম ভুল তথ্য ছড়িয়েছে যে, ডিপিআরকে (ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) সিরিয়ায় যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে। এছাড়া তাদের বিমানবাহিনীর সদস্যরা আসাদ সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের ওপর আকাশ পথের অভিযানে সরাসরি অংশ নিয়েছে।“

অক্টোবরে ‘দ্য জেরুজালেম পোস্ট’ এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে তারা জানায়, উত্তর কোরিয়ার ১৫ জন হেলিকপ্টার পাইলট ‘প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে’ সিরিয়ায় যুদ্ধে অংশ নিয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ খবর নিশ্চিত করেছে বলে জানায় অললাইন সংবাদ সংস্থাটি।

অন্যান্য আরো কয়েকটি খবরে বলা হয়, সিরিয়ায় উত্তর কোরিয়ার গোলন্দাজ বাহিনীর কর্মকর্তাদের দেখা গেছে। যদিও তাদের গোলা বর্ষণের কোনো খবর জানা যায়নি।

ওদিকে, জাপানের সংবাদ মাধ্যম অগাস্টে জানায়, উত্তর কোরিয়া থেকে সিরিয়াগামী গ্যাস মাস্ক ও ছোট অস্ত্র ভর্তি একটি জাহাজ তুরস্ক আটক করেছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে সিরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং সেখানে একটি প্লুটোনিয়াম চুল্লিও নির্মাণ করে। তবে ২০০৭ সালে ইসরাইল সেই চুল্লি ধ্বংস করে দেয়। সিরিয়ার রাসায়নিক অস্ত্র প্রকল্পের সঙ্গেও উত্তর কোরিয়া জড়িত।

২১ অগাস্ট দামেস্কের উপকণ্ঠে সারিন গ্যাস হামলায় কয়েকশ মানুষ প্রাণ হারানোর পর ওই হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানার হুমকি দেয় যুক্তরাষ্ট্র।

বিষয়টি নিয়ে বিশ্ব রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছিলো। পরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে একটি চুক্তিতে উপনীত হওয়ার পর আসাদ সরকার তার সমস্ত রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করে ফেলতে রাজি হয়।

রাসায়নিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে উত্তর কোরিয়ার ওপরও বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।