২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ত্রাণকাজে নেমেছে মার্কিন রণতরী

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানে বিধ্বস্ত ফিলিপাইনে দুর্গতদের ত্রাণকাজে নেমেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও সঙ্গে আসা অন্যান্য জাহাজ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 10:42 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

জাহাজ থেকে খালাস করা শুরু হয়েছে খাবার ও পানি। লেতে প্রদেশের ট্যাকলোবান এবং সামার এর পূর্ব উপকূল গুইউয়ানে নিয়ে যাওয়া হচ্ছে এ খাবার ও পানি।

ত্রাণকাজ জোরদার করা নিয়ে চাপের মুখে থাকা প্রেসিডেন্ট বেনগনো একুইনোর জন্য এ তৎপরতা সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরী এবং সঙ্গে আসা আরো দুটো জাহাজ বৃহস্পতিবার ফিলিপাইনের সামার ও লেতে প্রদেশের উপকূলে ভিড়েছে ৫ হাজার ক্রু এবং ৮০ টিরও বেশি বিমান নিয়ে।

দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তারা সহায়তা করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ফিলিপাইনে ইতোমধ্যেই রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ার। অন্যান্য মার্কিন জাহাজগুলো এক সপ্তাহের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

জর্জ ওয়াশিংটনের উপস্থিতিতে এরই মধ্যে ত্রাণ তৎপরতা কিছুটা গতি পেয়েছে। ত্রাণকাজের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ মৃতদের সমাহিত করতে শুরু করেছে। রাস্তায় রাস্তায় এখনো পড়ে আছে অনেক মৃতদেহ।

এ পর্যন্ত ২ হাজার ৩শ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।

এ যাবৎকালের অন্যতম সবচেয়ে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ে সবেচেয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে লেইতি প্রদেশের প্রধান শহর ট্যাকলোবান অন্যতম।
শুক্রবার ভোরে বিশ্বে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর অন্যতম হাইয়ান ফিলিপাইনের মধ্যবর্তী উপকূলীয় প্রদেশ লেইতি ও সামার এ আঘাত হানে।

এরপর ঝড়টি পশ্চিম দিকে এগিয়ে দেশটির আরো আটটি দ্বীপ দুমড়ে-মুচড়ে দিয়ে ভিয়েতনাম ও চীন সীমান্তের ওপর দিয়ে বয়ে যায়।