২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসদাচরণের অভিযোগে ওবামার ২ নিরাপত্তাকর্মী বরখাস্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা বাহিনী সিক্রেট সার্ভিসের দুই কর্মকর্তাকে অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 09:56 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ বুধবার এ খবর জানায়।

সিক্রেট সার্ভিসের সাবেক সুপারভাইজার ইনাসিও জামোরা জুনিয়র এবং আরেক সুপারভাইজার টিমোথি বারাক্লোগের বিরুদ্ধে নারীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

অধীনস্ত এক নারী কর্মীকে যৌন ইঙ্গিতপূর্ণ ই-মেইল পাঠানো এবং বিলাসবহুল হোটেলে এক নারীর কক্ষে দ্বিতীয়বার ঢোকার চেষ্টার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

ঘটনার তদন্তে দেখা গেছে, জামোরা জুনিয়র গত বসন্তে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল হে-অ্যাডামস হোটেলের নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক নারীর কক্ষে প্রবেশ করেন।

পরে সেখান থেকে বেরিয়ে জামোরা বুঝতে পারেন দায়িত্ব পালনের জন্য তার কাছে থাকা হাতবন্দুকের গুলি ওই কক্ষে ফেলে এসেছেন তিনি।

কিন্তু ওই নারী দ্বিতীয়বার তাকে কক্ষে ঢুকতে দিতে না চাইলে জোর করে কক্ষে ঢোকার চেষ্টা করেন জামোরা।

পরবর্তী আরেকটি তদন্তে বেরিয়ে আসে অধীনস্থ নারী কর্মীর কাছে জামোরা এবং টিমোথির যৌন ইঙ্গিতপূর্ণ ই-মেইল পাঠানোর ঘটনাটি।

এক বছর আগে কলম্বিয়ায় ওবামার সফরের আগে যৌন কেলেঙ্কারির অভিযোগে মার্কিন সিক্রেট সার্ভিসের দুই সুপারভাইজারসহ তিন কর্মকর্তা চাকরি হারানোর ঘটনার রেশ না কাটতেই নতুন করে এ ঘটনা ঘটল।