২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আফিম চাষের নতুন রেকর্ড

আফগানিস্তান আফিম চাষে নতুন রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো দেশটির ২ লাখ ৯ হাজার হেক্টরজুড়ে (৫১৬,০০০ একর) পপি চাষ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 04:19 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এক প্রতিবেদনে বলেছে, গত বছরের তুলনায় এ বছর আফিম চাষ ৩৬ শতাংশ বেড়েছে।

আর এর মধ্য দিয়ে ২০০৭ সালে আফিম চাষের পুরোনো রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটি। ওই বছর আফগানিস্তানে আফিম চাষ হয়েছিল ১ লাখ ৯৩ হাজার হেক্টর (৪৭৭,০০০ একর) জমিতে।

হেলমান্দ প্রদেশেই আফিম চাষ বেড়েছে বেশি। ওই প্রদেশ থেকে ব্রিটিশ সেনারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আফিম চাষ ঠেকাতেই হেলমান্দে সেনা পাঠিয়েছিল যুক্তরাজ্য।

কাবুলে ইউএনওডিসি প্রধান জ্যাঁ-লুক লেমাইয়ু বলেন, বিদেশি সেনা প্রত্যাহারে অনিশ্চয়তা এবং প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আগামী বছর আফিম উৎপাদন আরো বাড়বে।

তিনি বলেন, “আফিমকেন্দ্রিক অবৈধ অর্থনীতি বৈধ ব্যবসার গুরুত্ব কমিয়ে দিচ্ছে”।

আফগানিস্তান পপি চাষে বিশ্বের শীর্ষ দেশ। এই পপি থেকেই উৎপন্ন হয় অাফিম এবং হেরোইন। গত বছর বিশ্বের মোট আফিমের চাহিদার ৭৫ শতাংশই সরবরাহ করেছে আফগানিস্তান।

আর এ বছর দেশটি সরবরাহের হার ৯০ শতাংশে দাঁড়াতে পারে বলে ইতোমধ্যেই হিসাব দিয়েছেন লেমাইয়ু।