রেকর্ড দামে বিক্রি হল বেকনের শিল্পকর্ম
এবার নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড করলো ফ্রান্সিস বেকনের একটি শিল্পকর্ম। নিউইয়র্কের এক নিলামে ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছে এই শিল্পকর্মটি।
মঙ্গলবার নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি ১৯৬৯ সনে আঁকা বেকনের এই শিল্পকর্মটি নিলামে তোলে।
নিলামে তোলার ছয় মিনিটের মধ্যে ‘থ্রি স্টাডিস অব লুসিয়ান ফ্রেয়ুড’ নামের তিন ফ্রেমের এই চিত্রটি বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে নিলামঘর ক্রিস্টি। এ সময় চিত্রটির দর হাকা নিয়ে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগীতা হয়।
এই চিত্রটিকে বেকনের সেরা কাজ হিসেবে বিবেচনা করা হয়। এতে বেকন নিজের বন্ধু চিত্রশিল্পি লুসিয়ান ফ্রেয়ুডকে তার চিত্রকর্মের বিষয় বানিয়েছিলেন।
এবারই প্রথমবারের মতো ‘থ্রি স্টাডিস অব লুসিয়ান ফ্রেয়ুড’ নিলামে তোলা হয়েছিল। ৮ কোটি ডলার দর হাকার মাধ্যমে নিলাম শুরু হয়েছিল। এর বিক্রি পূর্ব মূ্ল্য নির্ধারণ করা হয়েছিল ৮ কোটি ৫০ লাখ ডলার। কিন্তু ক্রেতাদের তীব্র প্রতিযোগীতায় তা শেষ পর্যন্ত ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়।
এর আগে গত বছর নরওয়ের চিত্রশিল্পি এডভার্ট ম্যুঞ্চের ‘চিৎকার’ ১১ কোটি ৯৯ লাখ ডলারে বিক্রি হয়ে নিলামে তোলা সবচেয়ে বেশি দামী চিত্রশিল্পের মর্যাদা পেয়েছিল।
