যুক্তরাষ্ট্রের কালো তালিকায় বোকো হারাম
নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি দল বোকো হারাম এবং আনসারুকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো এ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সব ধরণের ব্যবসায়িক এবং অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে পারবে।
তাছাড়া, এখন থেকে এ দুটি দলকে ‘বস্তুগত সমর্থন’ দেয়াও যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ বলে গণ্য হবে।
বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। গোষ্ঠীটি আল- কায়দার সঙ্গেও সংশ্লিষ্ট।
হোয়াইট হাউস বোকো হারাম এবং আনসারুর সঙ্গে মার্কিন সংস্থাগুলোকে সবরকম অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে।
বোকো হারাম গত কয়েক বছর ধরে উত্তরপূর্ব ও নাইজেরিয়ার মধ্যাঞ্চলে কয়েক হাজার মানুষ হত্যার জন্য দায়ী।
২০১১ সালে আবুজায় জাতিসংঘ ভবনে আত্মঘাতী বোমা হামলাসহ বিভিন্ন গির্জা এবং মসজিদে হামলা চালিয়ে মানুষ হত্যারও অভিযোগ আছে দলদুটির বিরুদ্ধে।
ইসলামপন্থী এ জঙ্গি দলগুলো নাইজেরিয়ার জন্য বড় ধরণের নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে।
মে মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বোকো হারামের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছিলেন।
গত বছর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা লিসা মোনাকো পররাষ্ট্র অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছিলেন, বোকো হারাম ‘বিদেশি সন্ত্রাসী’ গোষ্ঠির তালিকায় পড়ার সবগুলো পর্যায় অতিক্রম করেছে।
