ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণের পরিকল্পনা স্থগিত
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে প্রায় ২৪ হাজার নতুন ঘরবাড়ি নির্মাণের পরিকল্পনাটি পুনঃযাচাইয়ের আদেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূবৃ জেরুজালেমে স্থাপনা বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতার মুখে মঙ্গলবার ওই আদেশ দেন নেতানিয়াহু।
তবে নেতানিয়াহু দাবী করেছেন, নতুন করে বসতি নির্মাণ নিয়ে বিতর্কের ফলে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে অপেক্ষাকৃত সুবিধাজনক চুক্তিতে পৌঁছানোর তাদের প্রচেষ্টা থেকে আন্তর্জাতিক বিশ্বের মনযোগ সরে যাবে, এই আশঙ্কায় আদেশটি দিয়েছেন তিনি।
তিন মাস আগে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নেয় ওয়াশিংটন। কিন্তু অধিকৃত ভূমিতে ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণের ঘোষণার পর ক্ষুব্ধ ফিলিস্তিন কর্তৃপক্ষ শান্তি আলোচনা থেকে মুখ ফিরিয়ে নেয়ার হুমকি দিয়েছে।
ফিলিস্তিনের একটি সংবাদ সংস্থা জানায়, নেতানিয়াহুর সিদ্ধান্ত পরিবর্তনের খবর প্রকাশ পাওয়ার আগে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের সব নেতাদের একটি জরুরী বৈঠকে বসার জন্য ডাক দিয়েছিলেন।
ভবন নির্মাণের খসড়া পরিকল্পনার জন্য গত মাসে ইসরায়েলি আবাসন মন্ত্রনালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। তবে এখনো কোনো নির্মাণ কাজ শুরু করা হয়নি।
ইসরায়েলের বামপন্থী হারেৎজ সংবাদপত্র ও পিস নাউ মঙ্গলবার সকালে এই বসতি নির্মাণ প্রকল্পের প্রজ্ঞাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। এর আগে বসতি নির্মাণে প্রজ্ঞাপন জারি করা হলেও তা গণমাধ্যমের নজর কারেনি।
এদিকে অধিকৃত ভূখণ্ডে বসতি নির্মাণের কড়া সমর্থক নেতনিয়াহু এবারের এই প্রস্তাবের কথা জানতে না বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ইসরাইল ও পশ্চিম তীর সফরের মাত্র কয়েক দিন আগে নতুন করে ভবন নির্মাণের পরিকল্পনার বিষয়টি প্রকাশ পায়।
দু’পক্ষের আলোচনায় ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে বিশ্ব শক্তির সঙ্গে ইরানের চলমান আলোচনাকে ‘একটি খুব খারাপ চুক্তি’ হিসেবে বর্ণনা করেন নেতানিয়াহু। অন্য দিকে ইহুদিদের ঔপনিবেশিক কার্যক্রম সীমিত করার আহ্বান জানিয়েছেন কেরি।
তার জোট সরকারের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টির কারণে নেতানিয়াহু ‘পূর্ব সমন্বয় ছাড়া’ ইহুদিদের নতুন আবাসন পরিকল্পপনার ঘোষণা দেয়ায় আবাসনমন্ত্রী উরি এরিয়েলকে সতর্ক করে দিয়েছেন।
এক বিবৃতিতে নেতানিয়াহু ভবন নির্মাণ সংক্রান্ত প্রস্তাবিত সকল প্রকল্প পুনঃযাচাই করার জন্য এরিয়েলকে আদেশ দিয়েছেন।
বিবৃতিতে বল হয়, “প্রকাশিত প্রজ্ঞাপন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করেছে এবং এটা এমন সময়ে হয়েছে যখন আমরা ইরানের সঙ্গে অপেক্ষাকৃত ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য তাদেরকে (আন্তর্জাতিক বিশ্ব) প্রভাবিত করার চেষ্টা করছি।”
“প্রাথমিক লক্ষ্য থেকে বিশ্বের মনযোগ কিছুতেই সরে যেতে দেয়া যাবে না- ইরানকে প্রতিরোধ করতে এমন একটি চুক্তিতে পৌঁছাতে হবে যাতে ইরান তাদের পারমাণবিক প্রকল্প সামরিক ক্ষেত্রে ব্যবহার করতে সক্ষম না হয়।”
