ভারতে সাবেক বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
ভারতের সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
সম্প্রতি অবসরে যাওয়া এ বিচারকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তরুণী এক আইনজীবী।
আদালত একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে ।
তিন বিচারকের প্যানেল গঠনের ঘোষণা দিয়ে প্রধান বিচারপতি পি সত্যশীবম বলেছেন, “কমিটি ঘটনার সত্যতা খুঁজে দেখে প্রতিবেদন তৈরি করবে”।
অভিযোগকারী তরুণী স্টেলা জেমস গত সপ্তাহে একটি ব্লগে বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, দিল্লির হোটেলরুমে ওই বিচারক তাকে কিভাবে হয়রানি করেছেন।
ঘটনাটি ঘটে গত ডিসেম্বরে সেই বিচারকের কাছে স্টেলা শিক্ষানবিস হিসাবে কাজ করার সময়। বিচারকের নাম প্রকাশ করা হয়নি।
দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হয়ে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে তোলপাড়ের মধ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির এ অভিযোগকে আরেকটি বড় ঘটনা হিসাবেই দেখা হচ্ছে।
ঘটনাটি তদন্তের নির্দেশনামায় প্রধান বিচারপতি মঙ্গলবার বলেছেন, “আমরা বিষয়টিকে হালকাভাবে নিতে পারি না। প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমি অভিযোগটির সত্যাসত্য নিয়ে উদ্বিগ্ন”।
