২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে জাতীয় দুর্যোগ ঘোষণা, ত্রাণ সহায়তায় মার্কিন-ব্রিটিশ যুদ্ধজাহাজ

ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে লন্ডভন্ড ফিলিপাইনের নাগরিকদের জন্য ত্রাণ সরবরাহের গতি বাড়াতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো একুইনো।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 12:08 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

‘ফিলিপাইন এখন নরক’
ভিয়েতনামে আঘাত হেনেছে হাইয়ান

এক বিবৃতিতে তিনি এ ঘোষাণা দেন বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি অনলাইন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হাইয়ানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লেইতি ও সামার প্রদেশ ব্যাপক ধ্বংসলীলা ও প্রাণহানির কবলে পড়েছে।

এ দুটি প্রদেশের হাজার হাজার দুর্গত মানুষ ঘূর্ণিঝড়ের চারদিন পরও ত্রাণের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে।

দ্রুত ত্রাণ সরবরাহে সহায়তা করতে ফিলিপাইনে বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ফিলিপাইন উপকূলে পৌঁছবে বলে জানিয়েছে পেন্টাগন।

রণতরীটিতে ৫ হাজার নাবিক ও ৮০টিরও বেশি বিমানপোত আছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি নৌজাহাজ ফিলিপাইন অভিমুখে যাত্রা করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

যুক্তরাজ্যও সমুদ্রের পানি থেকে পানের উপযোগী পানি তৈরি করার মতো এমন কিছু যন্ত্রপাতিসহ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং সামরিক পরিবহন বিমান ফিলিপাইনে পাঠাচ্ছে।

এইচএমএস ডেয়ারিং এরই মধ্যে সিঙ্গাপুর ছেড়ে গেছে। দু’তিনদিনের মধ্যেই জাহাজটি ফিলিপাইন উপকূলে পৌঁছবে বলে জানিয়েছেন ব্রিটিশ দূতাবাসের এক কর্মকর্তা।

এ সমস্ত যুদ্ধজাহাজ দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণে গতি সঞ্চার করবে। এছাড়া আহত হয়ে বেঁচে যাওয়া আরো অনেককে উদ্ধার করাও সম্ভব হবে।

এ যাবৎকালের অন্যতম সবচেয়ে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কারো কারো ধারণা, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে।

সবেচেয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে লেইতি প্রদেশের প্রধান শহর ট্যাকলোবান অন্যতম।

ট্যাকলোবান থেকে বিবিসি’র প্রতিনিধি জানিয়েছেন, শহরটিতে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা এখনো পুরো উদ্যমে শুরু করা যায়নি। দুর্যোত মানুষের অনেকেই এখনো ত্রাণহীন।

তবে আগামী কয়েকদিনের মধ্যেই ত্রাণ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে ধারণা করছেন তিনি।

ঘন্টায় ১শ’ ৭৫ মাইল বেগের ঝড়ো হাওয়া ও ৪৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাস্তাঘাট ও বিমানবন্দর বিধ্বস্ত হওয়ায় দুর্যতদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছে।

এসব দূর্গত মানুষকে মানবিক সহায়তা দেয়ার লক্ষ্যে মঙ্গলবার জাতিসংঘ ব্যাপক-ভিত্তিক একটি মানবিক সহায়তা পরিকল্পনা পেশ করবে বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব বান কি মুন।

ফিলিপাইনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য মুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের “হৃদয়ভাঙা দৃশ্য” আমরা সবাই দেখেছি বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার ভোরে বিশ্বে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর অন্যতম হাইয়ান ফিলিপাইনের মধ্যবর্তী উপকূলীয় প্রদেশ লেইতি ও সামার এ আঘাত হানে। এরপর ঝড়টি পশ্চিম দিকে এগিয়ে দেশটির আরো আটটি দ্বীপ দুমড়ে-মুচড়ে দিয়ে ভিয়েতনাম ও চীন সীমান্তের ওপর দিয়ে বয়ে যায়।