ইরানে ভারি পানি প্রকল্প ও ইউরেনিয়াম খনি পরিদর্শন করবে আইএইএ
ইরান আগামী তিন মাসের মধ্যে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) ভারি পানির পরমাণু প্রকল্প এবং ইউরেনিয়াম খনি পরিদর্শনের অনুমতি দেবে।
বিতর্কিত পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা বাড়াতে ইরান সোমবার একটি চুক্তি সই করেছে।
এর আওতায়ই পরমাণু স্থাপনাগুলো পরিদর্শকদের কাছে আরো উন্মুক্ত করে দিয়ে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি।
ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভা আলোচনা ব্যর্থ হওয়ার পর আইএইএ প্রধান ইউকিয়া আমানো চুক্তি চূড়ান্ত করার আশা নিয়ে সোমবার তেহরানে যাওয়ার পর সহযোগিতা বাড়ানো নিয়ে চুক্তি সই হয়।
আইএইএ’র সঙ্গে এ চুক্তির আওতায় ইরান তাদের পরিকল্পিত নতুন গবেষণামূলক পারমাণবিক চুল্লি সম্পর্কেও তথ্য দেবে।
তাছাড়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বাড়তি যে সমস্ত স্থাপনা আছে সেগুলো সম্পর্কে আগের দেয়া বিবৃতিগুলোও আরো স্পষ্টভাবে আইএইএ’র কাছে তুলে ধরতে হবে ইরানকে।
ভিয়েনায় দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “আইএইএ এবং ইরান সহযোগিতা আরো বাড়ানো এবং পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্যের বিষয়টি নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে”।
“ফলে ইরান এখন অাইএইএ’কে সময়মতো তাদের পরমাণু স্থাপনাগুলো সম্পর্কে তথ্য দিয়ে এবং এ কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ নিয়ে সহযোগিতা করবে বলেই আশা করা হচ্ছে। এ কর্মপ্রক্রিয়া এগুবে ধাপে ধাপে।”
চুক্তির পাশাপাশি ইরানের জন্য আগামী তিনমাসে ছয়টি পদক্ষেপ বাস্তবায়নের একটি তালিকাও জুড়ে দেয়া হয়েছে।
এর মধ্যেই রয়েছে আইএইএ পরিদর্শকদেরকে ইরানের ‘আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর’ ও ‘গাচিন ইউরেনিয়াম খনি’ পরিদর্শনের অনুমতি দেয়ার বিষয়টি। আইএইএ দীর্ঘদিন থেকেই ইরানের কাছে এ অনুমতি চেয়ে আসছে।
চুক্তি অনুযায়ী, ইরানকে ভবিষ্যত পারমাণবিক গবেষণা চুল্লি এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য নির্ধারিত ১৬ টি স্থান সম্পর্কেও তথ্য দিতে হবে। পরিষ্কার করে জানাতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি সম্পর্কিত আগের বিবৃতিগুলো।
আইএইএ বরাবরই এ প্রতিটি বিষয়ে ইরানের কাছ থেকে আরো স্বচ্ছতা দাবি করেছে। কিন্তু ইরান এ পর্যন্ত তা উপেক্ষা করে এসেছে।
