পরমাণু চুক্তি চূড়ান্ত করতে ইরানে আইএইএ প্রধান
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো ইরানে গেছেন দেশটির সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার আশা নিয়ে।
সোমবার আমানোর তেহরানে পৌঁছানোর কথা জানিয়েছে ইরানের গণমাধ্যম। আইএসএনএ বার্তা সংস্থা আমানোর উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলেছে, “সমঝোতা এবং মতৈক্যের ভিত্তিতে আজ আমরা একটি যৌথ বিবৃতি পেতে পারি বলে আশা করছি। দুপক্ষের প্রযুক্তি বিশেষজ্ঞরা এখন বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে চুক্তির বিস্তারিত খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করতে প্রস্তুত”।
ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধান আলি আকবর সালেহির সঙ্গে বৈঠকের আগে তিনি একথা বলেন।
তাছাড়া, ইরান সফরের মধ্য দিয়ে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন আমানো।
