মালদ্বীপে রাজনৈতিক সংকট আরো ঘণীভূত
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের ক্ষমতায় থেকে যাওয়ার ঘোষণা দেয়ার পর মালদ্বীপের রাজধানী মালিতে কয়েকশ’ প্রতিবাদকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার ভোররাতে ওই সংঘর্ষের সময় প্রতিবাদকারীরা পুলিশের দিকে ঢিল ছোঁড়ে। জবাবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে পিপার স্প্রে ব্যবহার ও লাঠিপেটা করে। সকালের দিকে প্রতিবাদকারীরা চলে যায়।
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ওয়াহিদের ক্ষমতায় থেকে যাওয়ার সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে বিরোধী নেতৃত্বাধীন দেশটির সংসদ। এর ফলে মালদ্বীপ গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে।
রোববার ওয়াহিদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোনা প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পায়নি। এর ফলে দেশটিতে সাংবিধানিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে রোববার রাতে ওয়াহিদ ঘোষণা দেন, “সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে সংবিধান অনুযায়ী কি হবে সেটা নির্ধারণ না হওয়া পর্যন্ত বর্তমান সরকার সাংবিধানিকভাবে বাতিল হলেও সেটা তার কর্যক্রম চালিয়ে যাবে।“
এর আগে ৭ সেপ্টেম্বর হওয়া প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। ১৯ অক্টোবর দ্বিতীয় দফায় ভোট গ্রহণের পরিকল্পনা করা হলেও পুলিশি বাধার কারণে সেবার ভোট গ্রহণ হয়নি।
২০০৮ সালে মালদ্বীপের প্রথম জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ নাশিদ। তিন দশক ধরে দেশটিকে শাসন করা মামুন আব্দুল গাইয়ুমকে সরিয়ে তিনি ক্ষমতায় বসেন।
কিন্তু নাশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন নাশিদ। তার স্থান গ্রহণ করেন তার সরকারেরই ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ।
শনিবারের নির্বাচনে নাশিদ ৪৭ শতাংশ ভোট পেয়ে সবার ওপরে ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাইয়ুমের সৎ ভাই আবদুল্লা ইয়ামিন ৩০ শতাংশ ভোট পান।
শনিবারের নির্বাচনে সরাসরি বিজয়ী হওয়ার জন্য কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রোববার আবারো ভোট গ্রহণের কথা ছিল।
কিন্তু ইয়ামিন পুনঃপ্রচারণার জন্য সময় প্রয়োজন জানিয়ে দ্বিতীয় পর্বের নির্বাচন পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সীমা নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরও সুপ্রিম কোর্ট ইয়ামিনের আবেদন গ্রহণ করেছে এবং নতুন নির্বাচনের তারিখ ১৬ নভেম্বর ঠিক করেছে।
রোববার রাতে ক্ষমতায় থেকে যাওয়ার ঘোষণা দেয়ার পর সর্বশেষ ওয়াহিদকে দেখা গেছে স্ত্রীকে নিয়ে নিরাপত্তা পরিবেষ্টিত হয়ে একটি স্পিডবোটে করে মালি ছেড়ে যাচ্ছেন।
