জেনেভার শান্তি সম্মেলনে যোগ দেবে সিরিয়ার বিরোধীদল
সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছে পশ্চিমা মদদপুষ্ট সিরিয়ার বিরোধীদলগুলোর জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি)।
সোমবার এক বিবৃতিতে শান্তি সম্মেলনে যোগ দেয়ার কথা জানিয়েছে এসএনসি।
আরবি ভাষায় দেয়া ওই বিবৃতিতে আলোচনায় যোগ দিতে কিছু শর্তারোপ করেছে এসএনসি। এতে বলা হয়েছে, আলোচনার আগে তারা অবশ্যই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য বৈঠক করবে।
আড়াই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে সিরিয়ার বিবদমান সবপক্ষ ও আন্তর্জাতিক পক্ষগুলোকে নিয়ে জেনেভা শান্তি সম্মেলনের ডাক দেয়া হয়েছে।
এর আগে এসএনসি’র নেতারা এই শান্তি সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করলেও এই প্রথম এসএনসি’র সবগুলো পক্ষ একযোগে এ বিষয়ে কিছু দাবিসহ সম্মতি জানালো।
আলোচনায় যোগ দেয়ার শর্ত হিসেবে তারা সিরিয়ার সরকারি বাহিনীর পুনর্দখলকৃত এলাকায় ত্রাণ সংস্থাগুলোকে কার্যক্রম চালানোর অনুমতি দেয়া, রাজনৈতিক বন্দিদের মুক্তি ও রাজনৈতিক যে কোনো সম্মেলন ক্ষমতার রাজনৈতিক হস্তান্তরের সিদ্ধান্তের মধ্যদিয়ে শেষ হওয়া উচিত, এটি মেনে নেয়ার দাবি জানায়।
চলতি নভেম্বরেই এই শান্তি সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনৈক্য ও বিভক্তির জন্য এসএনসি শান্তি সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারছিল না। আর কয়েকটি বিষয়ে রুশ ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে মতৈক্য না হওয়ায় শেষ পর্যন্ত প্রস্তাবিত সময়ে সম্মেলন হতে পারেনি।
