২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ছত্তিশগড়ে চলছে বিধানসভার নির্বাচন

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতের মধ্যাঞ্চলের রাজ্য ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। ১৮টি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আধাসামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য সেখানে কাজ করছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বেশির ভাগ নির্বাচনী এলাকায় মাওবাদী গেরিলাদের শক্ত অবস্থান রয়েছে।

চারদশক ধরে ভারতের মধ্য এবং পূর্বাঞ্চলে মাওবাদী গেরিলারা তাদের কার্যক্রম চালিয়ে আসেছে। তারা দরিদ্রদের জন্য ভূমি এবং চাকরির দাবি করে আসেছে। মূলত তারা ‘কমিউনিস্ট সোসাইটি’ প্রতিষ্ঠা করতে চায়।

ছত্তিশগড় থেকে বিবিসির প্রতিনিধি জানান, সোমবারের নির্বাচনে চার হাজারের ওপরে ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন।

১৪০ জনের বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রামান সিং রয়েছেন।

ভোটারদের নিরাপত্তার জন্য নির্বাচন কর্তৃপক্ষ বাস্তারের দুর্গম এলাকার ১৫০টির বেশি ভোট কেন্দ্র অপেক্ষাকৃত সুবিধাজনক স্থানে সরিয়ে এনেছে বলেও জানান তিনি।

এদিকে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিনয় সিং বাঘেল বলেন, ভোটার এবং নিরাপত্তাবাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য মাওবাদী জঙ্গিরা বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভয়াবহ রক্তপাত ঘটানোর ফাঁদ পেতেছিল।

“এমনটা আগে কখনো ঘটেনি। এটা আমাদের কাজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে দিয়েছে।“

গুঞ্জন রয়েছে সোমবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর কানকার এলাকায় বোমা বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। তবে কেউ এই খবর নিশ্চিত করতে পারেননি।

এর আগে রোববার নির্বাচনী কর্মীদের সঙ্গে একটি ভোট কেন্দ্রে কাজ করার সময় বোমা বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর দুইজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা রাজনন্দগা জেলার জঙ্গিরা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

ছত্তিশগড়ে ৯০ সদস্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ দুই ভাগে হবে। দ্বিতীয় ভাগের ভোট গ্রহণ হবে ১৯ নভেম্বর।

ভারতের পাঁচটি রাজ্য- মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামে বিধানসভা নির্বাচন ১১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর ভোট গণনা করা হবে। ৫টি রাজ্যে মোট ভোটার সংখ্যা ১১ কোটি।