ইরান হুমকির কাছে নতি স্বীকার করবে না: রুহানি
ইরান কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
তাছাড়া, দেশের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও ইরান ত্যাগ করবে না বলে জানান তিনি।
বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে জেনেভা আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হওয়ার পর রোববার ইরানের পার্লামেন্টে দেয়া এক ভাষণে রুহানি একথা বলেন।
তিনি বলেন, “পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকারের ক্ষেত্রে ইরানের কিছু ‘রেড লাইন’ আছে, তা অতিক্রম করা যাবে না।”
পশ্চিমাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আপোসরফার চেষ্টার মধ্যে রুহানি দেশের কট্টরপন্থিদেরকে পাশে রাখতে পার্লামেন্টে এ দৃঢ়চেতা বক্তব্য রাখলেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভা বৈঠক শনিবার মধ্যরাতের পর শেষ হয় এবং আগামী ২০ নভেম্বর দু’পক্ষ আবার বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত হয়েছে।
পশ্চিমাদের সন্দেহ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান তাদের এ কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে।
ছয় বিশ্বশক্তি ইরানকে যে প্রস্তাব দিচ্ছে তা মেনে নিলে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় সামান্য ছাড়ের বিনিময়ে পরমাণু কর্মসূচি অবিলম্বে বন্ধ করতে হবে।
কিন্তু রুহানি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার পরিহার না করার কথা বলেছেন।
পার্লামেন্টে দেয়া ভাষণে রুহানি বলেন, জেনেভায় তার আলোচকরা বৃহৎ শক্তির দেশগুলোকে বলে এসেছে যে, ইরান কোনোরকম হুমকি, নিষেধাজ্ঞা, অমর্যাদা কিংবা বৈষম্যের কাছে মাথা নত করবে না।
ইরানি জাতির অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষাকে ‘রেড লাইন’ উল্লেখ করে রুহানি আন্তর্জাতিক আইনের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করাসহ অন্যান্য শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা এর আওতাভুক্ত বলে দাবি করেছেন।
শনিবার ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের বৈঠকে একটি সমঝোতায় পৌঁছার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে ফ্রান্সের বিরোধিতার কারণে দু’পক্ষ কোনো চুক্তি সই ছাড়াই আলোচনা শেষ করে।
তবে জেনেভা বৈঠক ব্যর্থ হলেও পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আগামী সপ্তাহগুলোতে সমঝোতা এবং চুক্তি হতে পারে বলেই আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
