২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার ইলেকট্রনিক চেইন শপ জব্দ

বেশি দামে পণ্য বিক্রি করায় ভেনেজুয়েলার একটি ইলেকট্রনিক্সস পণ্যের চেইন শপের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। চেইন শপের সব বিক্রয় কেন্দ্র জব্দ করে পণ্যগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

কর্তৃপক্ষ দাকা চেইনের পাঁচটি বিক্রয় কেন্দ্রের বেশ কয়েক জন ব্যবস্থাপক ও ৫শ’ কর্মীকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটি বিক্রয় কেন্দ্রে সেনা পাঠিয়ে কোম্পানিটিকে অপেক্ষাকৃত কমমূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য করেছে।

এর পরপরই কম মূল্যে পণ্য কেনার জন্য শত শত মানুষ দাকা চেইন এর বিক্রয় কেন্দ্রগুলোর সামনে ভিড় জমায়।

প্রেসিডেন্টের ঘোষণার পর তারা যথেষ্ট কম মূল্যে ইলেক্ট্রনিক পণ্য কিনতে পারবেন বলে আশা করছেন।

রাজধানী কারাকাসে দাকার একটি বিক্রয় কেন্দ্রের সামনে লাইনে জড়ো হয়েছিল প্রায় ৫শ’ মানুষ। এদেরই একজন ৩৭ বছর বয়সী কার্লোস রাঙ্গেল।

রাঙ্গেল বলেন, “মুদ্রাস্ফিতি আমাদের মেরে ফেলছে। এটাই সঠিক পথ কিনা তা আমি নিশ্চিত নই, তবে কিছু একটি করার দরকার ছিল। আমি মনে করি, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য করা ঠিক হয়েছে।”

পরিস্থির সুযোগ নিয়ে ভেনেজুয়েলার কেন্দ্রিয় শহর ভ্যালেন্সিয়ায় দাকার একটি বিক্রয় কেন্দ্রে লুটপাটও হয়েছে।

ভেনেজুয়েলার ধনী ব্যবসায়ী ও ডানপন্থী রাজনীতিবিদরা ওয়াশিংটনের সমর্থনে তার সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক “লড়াই” শুরু করেছে বলে অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট মাদুরো।

দাকার বিরুদ্ধে নেয়া ব্যবস্থাকে তিনি দেশব্যাপী সুযোগসন্ধানীদের বিরুদ্ধে চালানো অভিযানের শুরু বলে বর্ণনা করেছেন।

শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি ভ্যালেন্সিয়ার লুটের ঘটনার নিন্দা জানিয়েছেন।

দাকা চেইন পণ্যের অতিরিক্ত মূল্য নির্ধারণ করেছিল বলে অভিযোগ করেন মাদুরো। কোম্পানিটি এখন ‘ন্যায্য মূল্যে’ পণ্য বিক্রি করতে বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাতে এক বক্তৃতায় মাদুরো ডাকা চেইন এর দোকানগুলোতে থাকা প্লাজমা টেলিভিশন, ওয়াশিং মেশিন এবং অন্যান্য পণ্য ছাড়কৃত মূল্যে বিক্রির প্রতিশ্রুতি দেন।

“আমরা এটা জাতির ভালোর জন্য করছি। আমরা দোকানের তাকে বা গুদামে কিছুই অবশিষ্ট রাখবো না!,” বলেন তিনি।