টোকিওতে ভূমিকম্প
জাপানের রাজধানী টোকিওসহ দেশটির পূর্বাঞ্চলে রোববার সকালে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পজনিত কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এছাড়া বিধ্বস্ত ফুকুশিমা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকেও কোনো অস্বাভিকতার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তি টোকিওর উত্তরপূর্বের ইবারাকি জেলায়। এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হযেছে।
টোকিও থেকে ২শ’ বিশ কিলোমিটার উত্তরপূর্বের ফুকুশিমা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, তাদের নিউক্লিয়ার কেন্দ্রটিতে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি বলে প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটির এক মুখপাত্র বলেছেন, “ভূমিকম্পের পর কেন্দ্রটি পর্যবেক্ষণ করে এ পর্যন্ত কোনো অস্বাভাবিকতা দৃষ্টিগোচর হয়নি।”
ভূমিকম্পের কারণে টোকিও থেকে উত্তর জাপানে চলাচলকারী টোহোকু শিনকানসেন বুলেট ট্রেনের চলাচল কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়েছিল। টোকিওর দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের উঠানামায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি এবং টোকাই দাইনি নিউক্লিয়ার প্রকল্পতেও কোনো অস্বাভাবিকতা দৃষ্টিগোচর হয়নি বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম এনএইচকে।
